আইসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে নেয়া হয়।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে সোমবার দুপুরে খালেদা জিয়ার বায়োপসি করা হয়। সেখান থেকে তাকে আইসিইউতে নেয়া হয়।

এদিকে, সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার শরীরে ছোট্ট একটি (এক থেকে দেড় সেন্টিমিটার পরিমাণ) লাম্প পাওয়া গিয়েছিল। তাই সেটি বায়োপসি করা হয়েছে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন। ইতোমধ্যে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। এ সময় তিনি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান।

এর আগে ১২ অক্টোবর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুদিন আগে থেকে তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছিল। হাসপাতালে ভর্তির পর গত দুই সপ্তাহে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.