বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি

ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আর অধিনায়ক হিসেবে দেখা যাবে না বিরাট কোহলিকে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিবৃতি দিয়ে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই এই ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন কোহলি। কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

যেকোনো এক ধরনের ক্রিকেট থেকে কোহলি যে দায়িত্ব ছাড়তে পারেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। সেটাই অবশেষে সত্যি হলো।

অনেকেই মনে করেছিলেন, কোহলি বোধহয় শুধু টেস্টের অধিনায়ক থাকবেন। একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে হয়তো দায়িত্ব নিতে দেখা যাবে রোহিত শর্মাকে। কিন্তু কোহলির বিবৃতিতে পরিষ্কার তিনি শুধু টি-টোয়েন্টি ফরম্যাটেই দায়িত্ব ছাড়ছেন।

ফেসবুকে দেওয়া বিবৃতিতে কোহলি লিখেছেন, এই সিদ্ধান্তে আসতে আমার অনেক সময় লেগেছে। যারা আমার কাছের মানুষ, সেই কোচ রবি শাস্ত্রী এবং রোহিতের সঙ্গে কথা বলেই অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড সচিব জয় শাহ এবং সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি নির্বাচকদের সঙ্গেও আমার কথা হয়েছে। নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়েই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে সেবা করে যাব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.