করোনা আক্রান্ত মিরাজ, নামছেন না মাঠে

বাংলাদেশ জাতীয় দলের তারকা মেহেদী হাসান মিরাজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই মাঠে নামা হচ্ছে না এই স্পিনিং অলরাউন্ডারের। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল তার।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসেছে প্রথম চার দিনের ম্যাচটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

এদিকে ‘এ’ দলের অধিনায়ক হিসেবে মুমিনুল হকের নাম প্রথমে ঘোষণা করা হয়েছিল। যদিও পারিবারিক কারণে শেষ পর্যন্ত না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

মুমিনুল ও মিরাজের বদলে আপাতত কাউকে নেয়া হচ্ছে না বলে জানান তিনি।

করোনার প্রকোপে বিদেশে যাওয়া হচ্ছে না। তাই ‘এ’ দল এবং এইচপি দলকে নিজেদের মধ্যে খেলানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

এদিকে দ্বিতীয়টি চার দিনের ম্যাচটি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। সাদা পোশাকের ম্যাচ দুটি শেষ হলে তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর মাঠে গড়াবে রঙিন পোশাকের ম্যাচগুলো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.