কমলা হ্যারিসের সাথে মোদির সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের মধ্যে আলোচনা হয়েছে। কমলার সাথে এটিই মোদির প্রথম সাক্ষাৎ।

কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট। তার মা ভারতীয়।

বিবিসির খবরে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করার জন্য কমলা হ্যারিসকে অভিনন্দন জানান। তিনি তাকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। মোদি বলেন, কমলা হ্যারিসকে স্বাগত জানাতে ভারতের জনগণ অপেক্ষা করছে।

গত নভেম্বরে কমলা হ্যারিসের জয়ের খবরে ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভারুর এলাকার থুলাসেনদ্রাপুরাম গ্রামের বাসিন্দারা আতশবাজি উড়িয়ে আনন্দ করেন। ওই গ্রামে কমলা হ্যারিসের মায়ের বাড়ি।

এনডিটিভির খবরে বলা হয়, হোয়াইট হাউসে মোদি ও কমলার মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া গণতন্ত্র সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ ও আফগানিস্তান ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

ভারতের আবার টিকা রফতানি শুরুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কমলা। করোনাভাইরাস মহামারীতে সহযোগিতার জন্য কমলা হ্যারিসকে প্রকৃত বন্ধু বলে অভিহিত করেন মোদি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.