পটুয়াখালীর কলাপাড়ায় হাতের কবজি কেটে দেওয়ার ১০ দিন পর মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম (২২) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৮ জুলাই রাত নয়টার দিকে উপজেলার তেগাছিয়া বাজার এলাকায় একটি সড়কে আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাকিবুলের ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একইসঙ্গে মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে কুপিয়ে তাকে রাস্তায় ফেলে রাখা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কলাপাড়া উপজেলা হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেকে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।’
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রাকিবুলের ওপর এই হামলা চালানো হয়েছিল। ওই ঘটনায় গত ২৯ জুলাই রাকিবুলের মা বাদী হয়ে ১৭ জনের নামে আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় ছাত্রলীগের মিঠাগঞ্জ ইউনিয়নের বহিষ্কৃত সভাপতি তরিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

