মমেক হাসপাতালে আরও ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জন ময়মনসিংহের এবং নেত্রকোনার একজন।

এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে- ময়মনসিংহের ৪ জন, নেত্রকোনার ৩, জামালপুরের ২ ও শেরপুরের একজন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩২৯ জন। এর মধ্যে ২১ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। সেই সঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫শ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ৯২ জনের।

তিনি আরো বলেন, পরীক্ষা বিবেচনায় করোনা সংক্রমণের হার ১৮ দশমিক ৪০ শতাংশ। যা তুলনামূলকভাবে আগের চেয়ে কম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.