তিন: এদিকে নতুন প্রদেশ কার্যকরি হওয়ার দিন ১৬ই অক্টোবর ঢাকায় নওয়াব সলিমুল্লাহর নেতৃত্বে স্থানীয় নেতাদের এক সভা অনুষ্ঠিত হয় নর্থ ব্রুক হলে। এ সভায় যখন নতুন প্রদেশের উন্নয়নে করনীয় নিয়ে আলোচনা চলছে তখন কলকাতার চেহারা সম্পূর্ন ভিন্ন। এ প্রসঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘চরমপত্র’ খ্যাত এম আর আখতার মুকুল লিখেছেন: ‘১৬ই অক্টোবর এদের কর্মর্সূচীর মধ্যে ছিলো ধর্মঘট, গঙ্গাস্নান এবং রাখিবন্ধন। বাস্তব তথ্যের ভিত্তিতে উল্লেখ করতে হয় যে, এদিন কলকাতায় যে শোভাযাত্রা হয়েছিলো অন্যদের মধ্যে রবীন্দ্রনাথও তার পুরোভাগে ছিলেন এবং তিনি অসংখ্য পথচারীর হাতে রাখি বেঁধে দিয়েছিলেন। অপরাহ্নে রোগ জর্জরিত আনন্দমোহন বসু ‘মিলন মন্দিরের’ ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ইংরেজীতে যে ভাষণ লিখে এনেছিলেন তা পড়ে শুনালেন আশুতোষ চৌধূরী এবং বাংলায় অনুবাদ করে পাঠ করেছিলেন ‘বঙ্গদর্শন’ পত্রিকার সেই আমলের সম্পাদক কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিকেলের জনসভায় ঘোষিত শপথ বাক্যের বাংলায় তর্জমা করেও পাঠ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।’ (কলকাতাকেন্দ্রিক বুদ্ধিজীবি, পৃষ্ঠা ২১৩)। এই রাখীবন্ধন আয়োজনের এক পর্যায়ে কবিগুরু গঙ্গাস্নানের পূর্বে প্রার্থনাসঙ্গীত হিসেবে গেয়েছিলেন ‘বাংলার মাটি বাংলার জল, বাংলার হাওয়া বাংলার ফল, পূণ্য হউক, পূণ্য হউক হে ভগবান’ গানটি।
বাংলাকে ভাগ করে এই নতুন প্রদেশ গঠন যেন কলকাতাকেন্দ্রিক অভিজাত এবং ধনিক বণিক শ্রেণীর ওপর বাজ হয়ে পড়ে। পাশাপাশি ঢাকা নতুন প্রদেশের রাজধানী ঘোষিত হওয়ায় এ শহরের হারানো গৌরব ফিরে আসতে থাকে। অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান নতুন নতুন ব্যবসা কেন্দ্র গড়ে ওঠে। কোলকাতা থেকে অনেকে পাততাড়ি গুটিয়ে ঢাকা চলে আসেন। নতুন নতুন ইমারত নির্মিত হতে থাকে, সরকারি অফিস বসে। নতুন এ প্রদেশ গঠিত হওয়ায় এ অঞ্চলের নির্যাতিত শোষিত সংখ্যাগড়িষ্ট জনগনের দূর্ভোগ দূর্দশা লাঘবের পথ উন্মোচিত হয়।
ওদিকে কলকাতার জৌলুষ কমতে শুরু করে। তৎকালীন সমাজে কলকাতার প্রভাব প্রতিপত্তি কমে যাওয়ার আশংকা দেখা দেয়। ইংরেজদের নুতন ভূমি ব্যবস্থার ফলে অভিজাত এবং বনেদী ঘরানার কিছু লোক জমিদারি কিনে জাতে উঠেছিলো। এরা ইংরেজী চলন বলনে রপ্ত ছিলো। ইংরেজী সং®কৃতি ধারন করে ‘বাবু’ বনেছিলো। এরা ছিলো ‘ভদ্দরলোক’। কোলকাতা ছিলো এদের কেন্দ্র। এদের জমিদারীর অধিকাংশ ছিলো পূর্ব বাংলায়। জমিদাররা এখান থেকে সম্পদ আহরন করে কোলকাতায় জমা করতেন। ভোগ বিলাস আরাম আয়েশ করতেন। ঢাকা নতুন প্রদেশের রাজধানী হয়ে যাওয়ায় এই কায়েমী স্বার্থবাদী শ্রেণীটি শংকিত হয়ে পড়ে তাদের আয় রোজগার নিয়ে। ভীত হয়ে পড়ে পূর্ববঙ্গের প্রজারা না তাদেরকে মানতে অস্বীকার করে বসে এক সময়। মহাজনরা পাইকার হারাতে বসেন, আইনজীবিরা মক্কেল খোয়াতে বসেন, কোলকাতাকেন্দ্রিক পত্রিকার বাজার ও তাদের সাং®কৃতিক আধিপত্য খর্ব হওয়ার আশংকা দেখা দেয়। সবচেয়ে বড় আতংক সৃষ্টি হয়, পূর্ববঙ্গের অবহেলিত বঞ্চিত শোষিত মানুষগুলো না মাথা তুলে দাঁড়ায়! শুরু হয় কোলকাতাকেন্দ্রিক অভিজাত শ্রেণী এবং কায়েমী স্বার্থবাদীদের উদ্যোগে বঙ্গভঙ্গ রদ আন্দোলন। ‘ভারত সভা’র প্রতিষ্ঠাতা কংগ্রেসপন্থী রাজনীতিক সুরেন্দ্রনাথ ব্যনার্জী ছিলেন এ আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব। তিনি ‘পূর্ববঙ্গ ও আসাম প্রদেশকে’ দেখেছিলেন একটি ‘মুসলমানের প্রদেশ’ হিসেবে। কায়েমী স্বার্থবাদীরা এ সময় তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে পুরোদমে ধর্মীয় অনুভুতি কাজে লাগাতে থাকে। এভাবেই চলতে থাকে বাংলায় উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতার লালন এবং চাষ।
১৯০৬ সালের ডিসেম্বরে ভারতীয় কংগ্রেসের ২২তম অধিবেশন বসে কলকাতায়। সভাপতিত্ব করেন দাদাভাই নওরোজী। এই সভায় গৃহীত একটি প্রস্তাবে নতুন প্রদেশ গঠনের প্রতিবাদ জানানো হয়। অপর এক প্রস্তাবে বাংলাভাষী সব মানুষকে অভিন্ন প্রশাসনের অধীনে রাখার দাবী জানানো হয়। অশোক মিত্র লিখেছেন: ‘বাংলার প্রভাবশালী তৎকালীন হিন্দু ভদ্রলোক শ্রেণীর কাছে এ পদক্ষেপ ছিল তাদের মর্যাদাবোধের ওপর চরম আঘাত এবং এক অশুভ সংকেত। বাংলা ভাগের পেছনে সবচে’ গুরুত্বপূর্ন যে নামটি উচ্চারিত হয় সেটি হল ভারতের ভাইসরয় ও গভর্ণর জেনারেল জর্জ ন্যথনিয়াল কার্জন-এর। তিনি ছিলেন দৃড়তাসম্পন্ন একজন আত্মগর্বী মানুষ। সেই সঙ্গে কলকাতায় বাঙালী জমিদার ও আইনজীবিদের যে ভীড় একত্রিত হয়েছিল-কার্জন তাদেরকে ভীষণভাবে অপছন্দ করতেন। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল, এই প্রজাতির লোকেরা সম্পূর্ণভাবে এক অকর্মণ্য গোষ্ঠী। ভূমির মালিক জমিদারদের তিনি রক্ত শোষকের দল বলে মনে করতেন, যারা সহজে অর্জিত উদ্বৃত্ত অর্থে আয়েশী জীবন-যাপন করে। এই জমিদার শ্রেণীকে চিরস্থায়ী প্রথা সুযোগ এনে দিয়েছিল অসহায় এবং মূলত বাঙালি মুসলিম কৃষককুলকে নিংড়ে নেওয়ার। শোষিত এই কৃষকরা ছিলেন প্রধানত পূর্ববঙ্গের অধিবাসী। কলকাতাকেন্দ্রিক আইনজীবিরা ছিল আরো ভয়ানক। তারা নিজেদের অর্থহীন ছিদ্রান্বেষণের দ্বারা শাসন প্রক্রিয়ায় অনবরত হস্তক্ষপ করার চেষ্টা করতো। ভাইসরয় কার্জন এই দু’টি দলেরই ‘শ্বাসরোধ’ করতে বদ্ধপরিকর ছিলেন। তিনি বাংলা ভাগ করার পরিকল্পনা নিলেন। এর দ্বারা হিন্দু বুদ্ধিজীবিদের প্রভাব ক্ষুন্ন করা যাবে বলে তাঁর ধারনা ছিল। কারন সে ক্ষেত্রে অন্য প্রদেশে অবস্থিত জেলাগুলি থেকে জীবনধারন ও বিলাস-ব্যসনের টাকা-কড়ি আসা কঠিন হয়ে দাঁড়াবে। লর্ড কার্জন কিন্তু ভাণ করলেন তাঁর উদ্দেশ্য খুবই মহৎ। আর তা হলো আদি ও খন্ডিত-এই দুই প্রদেশেই উন্নত প্রশাসন প্রণালী ও আরো কার্যক্ষম শাসন কায়েম করা।’ (অশোক মিত্র; বঙ্গভঙ্গ রদ: বাঙালি হিন্দুর গর্বকথা না সর্বনাশের পাঁচালি?)।
এই বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সূত্র ধরেই ‘অরন্ধন’ আন্দোলনের ডাক দেওয়া হয়। যার অর্থ ঘরে ঘরে রান্নাবান্না বন্ধ। সূচনা হয় ‘স্বদেশী’ নামে রাজনৈতিক আন্দোলনের। বিলাতি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। এই আন্দোলনেরও পুরোধা ছিলেন নতুন প্রদেশ গঠনের ফলে ক্ষতিগ্রস্থ কলকাতাকেন্দ্রিক কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীটি। নেতা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যনার্জী। তার সহযোগীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ছিলেন, ফরিদপুরের অম্বিকাচরন মজুমদার, আনন্দচন্দ্র রায়, ময়মনসিংহের অনাথবন্ধু গুহ, বর্ধমানের রাসবিহারী ঘোষ, নরেন্দ্রনাথ সেন, বরিশালের অশ্বিনী কুমার দত্ত, সিলেটের বিপিনচন্দ্র পাল, কলকাতার অরবিন্দ ঘোষ, আনন্দমোহন বসু, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, কৃষ্ণকুমার মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমূখ।
কায়েমী স্বার্থ ধরে রাখার এ আন্দোলনে সাধারন জনগোষ্ঠীর সমর্থন এবং তাদেরকে সম্পৃক্ত করতে বাংলাকে ‘মাতা’ বা দেবীর সাথে তুলনা করে ‘বঙ্গমাতার অঙ্গচ্ছেদ’ রোধ করাকে ধর্মীয় কর্তব্য বলে প্রচার করা হয়। ফলে যুবক শ্রেণী এবং ধর্মীয় গোড়ামিতে আচ্ছন্ন জনগোষ্ঠী সম্পৃক্ত হয়ে পরে এ আন্দোলনে। এরই ধারাবাহিকতায় গঠিত হয় ‘অনুশীলন সমিতি’ ‘যুগান্তর গোষ্ঠী’ নামে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন। বিমলানন্দ শাসমল তার ‘ভারত কি করে ভাগ হলো’ বইতে লিখেছেন: ‘বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল সন্দেহাতীতভাবে মুসলমান বিরোধী এবং গভীরভাবে মুসলমান স্বার্থের পরিপন্থী। এই আন্দোলনের তাগিদে যে সকল সন্ত্রাসবাদী বিপ্লববাদী নেতা কর্মক্ষেত্রে প্রকাশিত হলেন, তারা সবাই ছিলেন গভীরভাবে মুসলমান বিরোধী।’ এ সময় বঙ্কিমচন্দ্র, রামকৃষ্ণ পরমহংস আর স্বামী বিবেকানন্দের ‘নব হিন্দুবাদে’ দীক্ষাপ্রাপ্ত এক শ্রেণীর উগ্র মৌলবাদী দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, শরীর চর্চার আখড়া স্থাপন এবং কালি মন্দিরকে ঘিরে সাধনায় মত্ত হন। এরই ধারাবাহিকতায় ১৯০৭ সালে লে: গভর্ণর ব্যামফিল্ড ফুলারসহ কয়েক ইংরেজকে হত্যার চেষ্টা করা হয়। দ্ইু ইংরেজকে হত্যাও করা হয়।
কলকাতাকেন্দ্রিক কায়েমী স্বার্থবাদীদের উদ্যোগে গড়ে ওঠা এই বঙ্গভঙ্গ রদ আন্দোলন কালেক্রমে মৌলবাদী সাম্প্রদায়িক আন্দোলনের রূপ পরিগ্রহ করে। ১৮৯৭ সালে বোম্বেতে বাল গঙ্গাধর তিলক ‘শিবাজী উৎসবের’ মধ্য দিয়ে হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করেছিলেন। এ আন্দোলনকে কলকাতায় আমদানী করা হয়। এর প্রধান উদ্যোক্তা ছিলেন সখারাম গনেশ দেউষ্কর নামে এক লোক। ১৯০৬ সালে কলকাতায় এ উৎসবের আয়োজন করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এই উৎসবকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ‘শিবাজী উৎসব’ নামে একটি বিশেষ কবিতা রচনা করেন। এ প্রসঙ্গে অধ্যাপক রফিকুল ইসলাম ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম’ বইয়ে লিখেছেন: ‘এই উৎসবের অন্যতম অঙ্গ ছিল ‘ভবানী পূজা’। শিবাজী উৎসব ও ভবানী পূজা উপলক্ষে মহারাষ্ট্র থেকে তিলক, খাপার্দে, মুঞ্জে’কে কলকাতায় আনা হয়। লোকমান্য তিলক এই উৎসবের উদ্বোধন করেন। তিলক একদিনে ত্রিশ হাজার লোক নিয়ে গঙ্গস্নানে যান, সেই শোভাযাত্রার অগ্রভাগে ছিল একখানি ভারত মাতার ছবি। বস্তুত: এই আন্দোলনের নেতা তিলক, অরবিন্দ, বিপিনচন্দ্র, ব্রহ্মবান্ধবদের জাতীয়তাবোধ পৌরানিক হিন্দুত্বের ওপর প্রতিষ্ঠিত, এই পথ বঙ্কিম প্রদর্শিত ও অনুপ্রাণীত, অরবিন্দ ও তার দলের জাতীয়তার মূলে হিন্দু সং®কৃতির পুনরুজ্জীবনের ভাবনাই প্রধান। তাই ‘বঙ্গভঙ্গ’ ও ‘স্বদেশী আন্দোলন’, ‘শিবাজী উৎসব’ বা ‘ভবানী পূজার’ রূপ পরিগ্রহ করেছিল। আর এই কারনেই বাংলার মুসলমান সমাজ বঙ্গভঙ্গ আন্দোলনকে জাতীয় আন্দোলনরূপে গ্রহন করতে পারেনি……। প্রতিক্রিয়ার শেষ এখানেই হয়নি, পূর্ব বাঙলার নানা স্থ’ানে যেমন জামালপুর, কুমিল্লা, পাবনায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়। ১৯০৭ সাল থেকেই সন্ত্রাসবাদীরা ‘অনুশীলন সমিতি’ ইত্যাদীর মাধ্যমে রাজনৈতিক হত্যা, লুন্ঠন শুরু করে আর এই সন্ত্রাসবাদীরা শুধু ইংরেজ বিরোধী ছিল না তারা মুসলিম বিরোধীও ছিল।’
এদিকে ঢাকাকে রাজধানী করে গঠিত নতুন প্রদেশে জনমত ছিল এই পরিবর্ত্তনের পক্ষে। তফশীলি ফেডারেশন নতুন প্রদেশ গঠনকে সমর্থন করে। এ প্রসঙ্গে তফশীলি সম্প্রদায়ের নেতা বি আর আম্বেদকর বলেন: ‘সারা বাংলা, উড়িষ্যা আসাম এবং এমনকি যুক্তপ্রদেশ পর্যন্ত ছিল বাংলার বর্ণ হিন্দুদের চারনভূমি। প্রদেশের সবগুলি সিভিল সার্ভিসই তারা দখল করে নিয়েছিল। বাংলা বিভাগের অর্থ ছিল এ চারনভূমির সীমানা সংকোচন। বাংলা বিভাগের প্রতি হিন্দুদের এই বিরোধীতার মূখ্য কারন হচ্ছে পূর্ব বাংলার মুসলমানদেরকে তাদের ন্যায্য অংশগ্রহনে বাধা দেওয়া।’ (বি আর আম্বেদকর: পাকিস্তান অর পার্টিশন অব ইন্ডিয়া, পৃষ্ঠা ১১)।
পূর্ব বাংলার বর্ণহিন্দুদের মধ্যে যারা নতুন প্রদেশ সমর্থন করেছিলেন, ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন তাদের মধ্যে অগ্রগন্য। তিনি বলেন: ‘আমি বাংলা বিভাগ নীতির বিপক্ষে নই, বরং স্বপক্ষে। আমার বিশ্বাস এর ফলে পশ্চাৎপদ, অনুন্নত ও নানাভাবে অভাবগ্রস্থ পূর্ব বাংলার বিশেষ কল্যান ও উন্নতি হবে। ঢাকা রাজধানী ও পূর্ববঙ্গের সীমান্তবর্তী বঙ্গোপসাগরের অদূর¯থ চট্টগ্রাম নগর বিশেষ বানিজ্য স্থান হতে চললো; পূর্ব বাংলাবাসীদের অর্থাগমের পথ মুক্ত হলো; এ দেশে রাজকীয় প্রধান প্রধান কার্যালয় স্থাপিত ও বানিজ্যের প্রসার হবে; দেশের শ্রীবৃদ্ধি হবে; আসাম প্রদেশও পূর্ববঙ্গের সাথে ঘনিষ্ঠসূত্রে বদ্ধ হয়ে বিশেষ উন্নতি লাভ করবে এটা ভেবে আমার আহ্লাদ হয়েছে। পশ্চিমবঙ্গের কথা ছেড়ে দেই। বাঙ্গালীদের উন্নতির দর্শণ অনেকের চক্ষুশুল হতে পারে। কলকাতা অঞ্চলে পূর্ববাংলা নিবাসী কৃতবিদ্য লোকেরা যে কোন অফিসে তাদের (কলকাতাবাসীদের) দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে সহজে প্রবেশ করতে পারেনা। এখানকার (কলকাতার) কেরানীগিরি প্রভৃতি কাজ এখানকার লোকেরই একচেটিয়া হয়ে উঠেছে।’ (আত্মজীবনী, পৃষ্ঠা ১১৯-২০)।
বঙ্গভঙ্গ রদ আন্দোলন প্রকৃত অর্থে সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় জাতীয়তাবাদী আন্দোলনের রূপ পরিগ্রহ করলে তা মোকাবিলায় এবং প্রদেশ বাঁচিয়ে রাখার লক্ষ্যে পূর্ববঙ্গের তৎকালীন নেতৃবৃন্দও একত্রিত হন। নতুন প্রদেশ যেদিন গঠিত হয় সেদিনই অর্থাৎ ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ঢাকায় নর্থব্র“ক হলে অনুষ্ঠিত এক সভায় নতুন প্রদেশের জনগোষ্ঠীর রাজনৈতিক চিন্তাধারা বিকাশের লক্ষ্যে নওয়াব সলিমুল্লাহর নেতৃত্বে গঠন করা হয়েছিলো ‘প্রভিন্সিয়াল মোহামেডান এসোসিয়েশন।’ ১৯০৬ সালের ডিসেম্বরে তিনি ঢাকায় ‘অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্স’ নামে একটি সম্মেলন আহ্বান করেন। এর প্রস্তুতি কমিটির যুগ্ম সচিব নিযুক্ত হন এ কে ফজলুল হক। বোম্বের খ্যাতিমান আইনজীবি মোহাম্মদ আলী জিন্নাহকে এ সম্মেলনে যোগদান করানোর জন্য ফজলুল হককে বোম্বে পাঠানো হয়। কিন্তু জিন্নাহ সাহেব তখন কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বিধায় এ সম্মেলনে আসতে অস্বীকৃতি জানান। তারপরও ১৯০৬ সালের ৩০শে ডিসেম্বর ঢাকার নওয়াবদের বাগানবাড়ী ‘এশরাত মঞ্জিলে’ (এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর রেস্তোরা) অনুষ্ঠিত এক সভায় উপমহাদেশের মুসলমানদের জন্য প্রথম একটি রাজনৈতিক দল গঠন করা হয়। এর নামকরন করা হয় ‘অল ইন্ডিয়া মুসলিম লীগ’।
এই রাজনৈতিক দলটির জন্মলাভ সম্পর্কে বিমলানন্দ শাসমল লিখেছেন: ‘…..বাংলা ও ভারতের প্রবল হিন্দু জনমতের কাছে বঙ্গ ব্যবচ্ছেদ পরিত্যক্ত হওয়ায় মুসলমানদের মনে যে হতাশার সৃষ্টি হলো তারই ফলে মুসলিম লীগের জন্ম হয়।’ (বিমলানন্দ শাসমল: স্বাধীনতার ফাঁকি)।
এ প্রসঙ্গে ‘আধুনিক ভারত’ প্রথম খন্ডে প্রনবকুমার চট্টোপাধ্যায় লিখেছেন: ‘….. স্বদেশী আন্দোলনে হিন্দু ধর্ম ও আদর্শের প্রভাব বৃদ্ধি পাওয়ায় মুসলমান জনগনের মনেও এর বিরুদ্ধে প্রতিক্রিয়া সৃষ্টি হলো। বিভিন্ন পত্র পত্রিকায় যেমন ‘ইসলাম প্রচারক’, ‘মিহির ও সুধাকর’, ‘হাফিজ’-এ মুসলমান লেখকরা প্রচার করতে লাগলেন যে, তিলক, অরবিন্দ, বিপিনচন্দ্র পাল, ব্রহ্মবান্ধব প্রভৃতি নেতৃবৃন্দ হিন্দু ধর্মকে কেন্দ্র করে যে হিন্দু জাতীয়তাবাদের ব্যাখ্যা করছেন তা উগ্রভাবে ইসলাম বিরোধী।….. কিন্তু সাধারন মুসলমান কৃষিজীবি সম্প্রদায় কেন স্বদেশী আন্দোলনের প্রতি বিমুখ হলেন তা বিশ্লেষন করতে গিয়ে দেখা যায় যে, পূর্ববঙ্গের অধিকাংশ জমিদার ও ভুস্বামী ছিলেন হিন্দু এবং তারাই স্বদেশী আন্দোলনে মূখ্য ভূমিকা গ্রহন করেন। বঙ্গভঙ্গের ফলে মুসলমান প্রজা অধ্যুষিত তাদের ভূসম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে এই আশংকায় হিন্দু জমিদারগন উদ্বিগ্ন হয়ে পরেন ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নেন।….. অনিবার্য ফলশ্র“তিতে পূর্ব বঙ্গের বিভিন্ন অঞ্চলে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক হাঙ্গামা দেখা দেয়।’ (আধুনিক ভারত, প্রথম খন্ড, পশ্চিম বাংলা রাজ্য পুস্তক পর্ষদ, ১৯৮৩)।
উগ্র ধর্মীয় মৌলবাদী এবং সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর বিরোধীতা সত্বেও ঢাকাসহ নুতন প্রদেশের চেহারা দ্রুত বদলে যেতে থাকে। নতুন প্রদেশের রাজধানী স্থাপনের প্রস্তুতি হিসেবে ১৯০৪ সালে ঢাকায় বর্তমান হাই কোর্ট মাজার সংলগ্ন স্থানে প্রতিষ্ঠা করা হয়েছিলো গভর্ণর হাউস। নতুন প্রদেশ হওয়ার পর রমনা এলাকায় সরকারি ভবনাদি, ঢাকা মেডিক্যাল কলেজ, সেক্রেটারিয়েট, বর্ধমান হাউস, হুদা হাউস, কাকরাইল ও বেইলী রোড এলাকার সার্কিট হাউসসহ বিভিন্ন ভবনাদি নির্মিত হয়। এ সময়ে শিক্ষাক্ষেত্রে জাগরনের ঢেউ ওঠে। বিদ্যায়তনে ছাত্র ছাত্রীদের সংখ্যা বেড়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ে। চাকুরিতে বঞ্চনা অবসানের সুযোগ সৃষ্টি হয়। পাট চাষীদের ভাগ্যের চাকা খোলে। শিল্প কারখানা গড়ে ওঠে। রাস্তাঘাট, পুল কালভার্ট তৈরী হয়ে চলে।
চলবে……..

