করোনায় ও উপসর্গে রামেকে আরো ১৯ জনের মৃত্যু

করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গে ১৩ জন মারা গেছেন।

এর আগের ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছিল রামেক হাসপাতালের করোনা ইউনিটে। ফলে একদিনের ব্যবধানে মৃত্যু আবারো বাড়ল।

রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর নয়জন, নাটোরের ছয়জন, পাবনার একজন, নওগাঁর দুজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের দুজনের বয়স ২১ থেকে ৩০ বছর আর বাকি ১৭ জনের বয়স ৪১ থেকে ৬৫ বছরের মধ্যে ছিল।

সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর বিষয়ে রামেক হাসপাতাল পরিচালক বলেন, করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন মারা গেছেন। আর উপসর্গ ও সন্দেহভাজন হয়ে মারা গেছেন রাজশাহীর ছয়জন, নাটোরের পাঁচজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন।

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২১৪ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৩০৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫১৮ জন।

করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে রামেক হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.