ঈদে ঢাকা ছেড়েছে ১ কোটি ৫ লাখ, এক দিনে ফিরেছে ৮ লাখ

এক দিনে ঢাকায় ফিরেছে আট লাখের বেশি মোবাইল সিম ব্যবহারকারী। ঈদুল আজহার পরদিন বৃহস্পতিবার আট লাখ ২০ হাজার সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছে। আর ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত এক কোটি চার লাখ ৯৪ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে।

ঢাকায় প্রবেশ করা ও ঢাকা থেকে বের হওয়া মোবাইল ফোনের সিমের হিসাব দিয়ে শুক্রবার বিকেলে ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ‘একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। অবিশ্বাস্য নয় যে ২২ জুলাই পর্যন্ত এক কোটি চার লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের গ্রাহক ঢাকার বাইরে গেছে। অন্য দিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছে মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম।’

তিনি আরো বলেন, ‘আজকে থেকে শুরু হওয়া লকডাউন ও তার পরে কী হবে সেটি দেখার বিষয়। করোনায় এর কী প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। তবে এটি লোকজনের ঢাকার বাইরে যাওয়া ও আসার হিসাব নয়। কারণ, একজনের অনেকগুলো সিম থাকে। আবার কোনো কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি। কিন্তু মোবাইল ও সিম একটি বা দু’টি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.