করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামক) হাসপাতালে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৪ জুন রাজশাহীতে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে জানান, গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৫ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। অন্য আটজন মারা গেছেন উপসর্গ নিয়ে।
করোনা পজিটিভ হয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে চারজনের বাড়িই রাজশাহীতে, দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আর একজনের বাড়ি নাটোরে। এছাড়া হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে চারজন রাজশাহীর ও চারজন চাঁপাইনবাবগঞ্জের।

