দেশীয় টিকা উৎপাদনে সরকারের সহায়তা নেই : জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের দেশীয় টিকা উৎপাদনে সহায়তা করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে জি এম কাদের বলেন, বিদেশি টিকা আমদানি ও উৎপাদনে ব্যাপক উৎসাহ থাকলেও দেশীয় টিকা উৎপাদনে সহায়তা নেই সরকারের। আর এ কারণেই ৩ মাস পার হলেও দেশে তৈরি করোনা টিকা বঙ্গভ্যাক্স ট্রায়ালের অনুমতি পাচ্ছে না।

বিবৃতিতে তিনি বলেন, ১৯৮২ সালে হুসেইন মুহম্মদ এরশাদ ওষুধ নীতি প্রণয়ন করেছিলেন। তখন চাহিদার মাত্র ১৬ ভাগ ওষুধ দেশে তৈরি হতো। এখন এই নতুন ওষুধ নীতির কারণে দেশে উৎপাদিত ওষুধ অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৯৭ ভাগ মিটিয়ে বিশ্বেও শতাধিক দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশেই প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বমানের অনেক ওষুধ কম্পানি। গত বছর বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বাংলাদেশের গ্লোব বায়োটেক করোনা টিকা বঙ্গভ্যাক্স উৎপাদন করে।

ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বঙ্গভ্যাক্সকে করোনা প্রতিরোধে তালিকাভুক্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য টিকা উৎপাদনে অনুমতি দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন। কিন্তু বাংলাদেশ মেডিক্যাল রিচার্স কাউন্সিলের তরফ থেকে অনুমোদন না পাওয়ায় উৎপাদন করা সম্ভব হচ্ছে না। বঙ্গভ্যাক্স সফল হলে টিকা সংকটকালে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। তাই বঙ্গভ্যাক্স এর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া জরুরি বলে বিবৃতিতে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.