ফারুক বেঁচে আছেন, তার মৃত্যুর গুজব ভুয়া: ফারহানা পাঠান

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। পাকস্থলীতে রক্তক্ষরণের কারণে তার অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন ছেলে শরৎ। ২১ মার্চ থেকে হাসপাতালটির আইসিইউতে অজ্ঞান অবস্থায় রয়েছেন ফারুক। এরই মধ্যে তার রক্তে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।

এদিকে আজ ৮ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এই ভুয়া খবরটি। এ বিষয়ে ফারুকের সঙ্গে সিঙ্গাপুরে থাকা স্ত্রী ফারহানা পাঠান এক ভিডিও বার্তায় বলেন, ‘মানুষের মৃত্যু নিয়ে রসিকতা ঠিক নয়। আল্লাহর রহমতে আপনাদের মিয়াভাই এখনো বেঁচে আছেন, ভালো আছেন। এমন গুজব ছাড়বেন না, এগুলো আমাদের পরিবারের উপর মারাত্বক প্রভাব ফেলে।’

প্রসঙ্গত, নায়ক ফারুক গত ২১ মার্চ থেকে আইসিইউতে রয়েছেন। কোনো সাড়া দেননি। তবে গত ৭ এপ্রিল তার পুত্র রওশন হোসেন পাঠান শরৎ জানান, ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন তার বাবা। চিকিৎসকরা আশাবাদী হয়ে উঠেছেন এই তারকার সুস্থতার ব্যাপারে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান ফারুক। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থ অনুভব করছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আট বছর ধরে সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসাসেবা নিয়ে আসছেন ফারুক। গত বছরের অক্টোবর মাসের শেষে ৪৭ দিনের চিকিৎসা শেষে দেশে ফেরেন ফারুক। এরপর থেকে তিনি সুস্থই ছিলেন। চিকিৎসকেরা আগেই বলে দিয়েছিলেন, বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় ফারুকের শরীর খারাপ হতে পারে। সে জন্য তিন মাস পরপর রুটিন চেকআপ করাতে হবে।

ফেব্রুয়ারি মাসে তিনি সেই নিয়মিত পরীক্ষা করাতে সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অবশেষে মার্চের দ্বিতীয় সপ্তাহে স্ত্রী ফারহানা পাঠানকে নিয়ে সেখানে যান তিনি।
সুত্র, দেশ রূপান্তর ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.