খেটে খাওয়া মানুষের মাঝে হাহাকার উঠেছে : জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউনের সুফল অর্জন সম্ভব নয়। দেশের কোটি কোটি মানুষ দিন এনে, দিন খায়। জীবন বাঁচাতে তাদের রাস্তায় নামতে হচ্ছে।’ খেটে খাওয়া মানুষের মাঝে চাপা হাহাকার উঠেছে উল্লেখ করে এসব মানুষের জন্য জরুরি ত্রাণ বিতরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

শুক্রবার এক ভিডিও বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে খেটে খাওয়া মানুষের মাঝে চাপা হাহাকার উঠেছে। নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে অসহনীয় কষ্ট পোহাচ্ছে। আবার জীবন বাঁচাতে কাজের সন্ধানে রাস্তায় নেমে আর্থিক জরিমানার সম্মুখীন হচ্ছে মানুষ। ধার-দেনায় জর্জরিত সাধারণ মানুষ কষ্টের কথা কাউকে বলতে পারছে না।

ভিডিও বার্তায় তিনি আরো বলেন, জানা গেছে যে করোনা মহামারীর প্রভাবে দেশে যেখানে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, সেখানে লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অর্থ সহায়তার ঘোষণা করা হয়েছে তা একেবারেই অপ্রতুল।

এমন প্রেক্ষাপটে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তার পাশাপাশি লকডাউন শিথিল করতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। একইসাথে জি এম কাদের বলেন, সম্ভব হলে লকডাউন পুরোপুরি প্রত্যাহার করা উচিত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.