সংসদের দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন মোদি

বিরোধী দল কংগ্রেসের একজন নেতার কথা বলতে গিয়ে সংসদে দাঁড়িয়ে কাঁদলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবি আজাদের উদ্দেশে বিদায়ী বক্তব্যে বারবার আবেগী হয়ে যান মোদি। এমনকি, বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ ছিলেন।

আজ মঙ্গলবার রাজ্যসভার চলতি অধিবেশনের শেষ দিন ছিল। একই সঙ্গে সাংসদ হিসেবে মেয়াদ শেষ হয়েছে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের। দায়িত্বে থাকাকালীন বারবার নানা ইস্যুতে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন আজাদ। প্রধানমন্ত্রীকেও অতীতে নিশানা করেছেন তিনি। কিন্তু এদিন রাজনৈতিক তিক্ততা ভুলে কংগ্রেস সাংসদের ভূয়সী প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়।

স্মৃতি হাতড়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম, তখন জাম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন গুলাম নবি আজাদ। কাশ্মীরে জঙ্গি আক্রমণে নিহত গুজরাটের বাসিন্দাদের দেহ ফেরানোর ব্যবস্থা করতে গভীর রাতে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন গুলাম নবি আজাদ। সেখান থেকেই ফোন করেছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সেদিন উনার গলা শুনে মনে হচ্ছিল, যেন পরিবারের কাউকে হারিয়েছেন। সেদিন উনার কান্না যেন থামতে চাইছিল না। এত রাতেও উনি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন।’

এই পর্যন্ত বলেই কেঁদে ফেলেন মোদি। নিজের কথাও শেষ করতে পারেননি তিনি। গুলাম নবি আজাদকে স্যালুটও করেন তিনি।

মোদি বলেন, ‘বিরোধী দলনেতা হিসেবে গুলাম নবি আজাদের স্থলাভিষিক্ত যিনি হবেন, তার কাজটা কঠিন হতে চলেছে। কারণ আজাদ যেভাবে দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা পূরণ করা মুশকিল।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতা তো আসবে যাবে, কিন্তু কীভাবে তার ব্যবহার করতে হয়, সেটা গুলাম নবি আজাদের থেকে শিখতে হয়। আপনি একজন প্রকৃত বন্ধু।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.