মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের সন্তান প্রজন্ম ’৭১-এর সাবেক সভাপতি সাংবাদিক শাহীন রেজা নূর-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্টের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
এ ছাড়া শাহীন রেজা নূরের মরদেহ ঢাকায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
পৃথক পৃথক বিবৃতিতে যুক্তরাষ্ট্রস্থ বঙ্গবন্ধু পরিষদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের নেতৃবৃন্দরা সাংবাদিক শাহীন রেজা নূর-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শাহীন রেজা নূর গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টায় কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র রেখে যান।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী বলেন, সাংবাদিক শাহীন রেজা নূর মুক্তিযুদ্ধে বাবাকে হারানোর বেদনা বুকে নিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সংগঠনের সহ-সভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূরসহ তার পরিবারের শোকসন্তপ্ত সকল সদস্য এবং সহযোগী ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন নেতা ও সেলিব্রেটিদের পক্ষ থেকে শাহীন রেজা নূরের মরদেহ দেশে নিয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়।
এ ব্যাপারে বিবৃতিদাতারা হলেন- বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, চলচ্চিত্রকার কবির আনোয়ার, কমিউনিটি লিডার মোরশেদ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি চৌধুরী হারুন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, অর্থনীতিবিদ ড. শফিক ইসলাম, ডা. টমাস দুলু রায়, সাংবাদিক শীতাংশু গুহ, সাংবাদিক নিনি ওয়াহেদ, কবি হাসান আল আব্দুল্লাহ, সাংবাদিক ফজলুর রহমান, লেখিকা নাজনিন সিমন, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, স্বীকৃতি বড়ুয়া, রওশন আরা নিপা, শুভ রায়, আহনাফ আলম, গোপাল স্যানাল, আবুল কালাম সোয়েব, রুপা খানম, ইসমাইল হোসেন স্বপন, সেমন্তী ওয়াহেদ, ওবায়দুল্লাহ মামুন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক খসরু প্রমুখ।

