মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার থেকে নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইনসভা ভবনে (ক্যাপিটল হিল) ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলার পক্ষ নিয়ে টুইট করার পর তার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট অকার্যকর করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এ খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিন ক্যাপিটল হিলে হামলাকারীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘আমি তোমাদের ভালোবাসি।’ এরপর ট্রাম্প তাদের বাড়ি ফিরে যেতে বলেন। আজ তিনি আবারও নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে দাবি করেন।
টুইটার কর্তৃপক্ষ জানায়, ‘নাগরিক ঐক্যের গুরুতর লঙ্ঘন’ করায় ট্রাম্পের তিনটি টুইট অপসারণ করা হয়েছে। উসকানিমূলক টুইট করতে থাকলে ট্রাম্পের অ্যাকাউন্ট একেবারেই বন্ধ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
এক বিবৃতি জারি করে টুইটার জানিয়েছে, ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন হামলার ঘটনার কথা মাথায় রেখেই ট্রাম্পের টুইটগুলো সরাতে হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। তাদের মধ্যে উগ্রপন্থী বিভিন্ন গ্রুপের সদস্যরাও রয়েছেন। সেই সমাবেশে বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।
এই সমাবেশের অল্প একটু দূরে গিয়ে কয়েকশ ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। একপর্যায়ে কংগ্রেসের অধিবেশন চলার মধ্যেই পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন তারা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ।

