সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জয়কে শপথ পড়ান। সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই- আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে তানভীর শাকিল রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন ঢাকার একটি হাসপাতালে মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তার মৃত্যুতে শুন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনে গত ১২ নভেম্বর উপনির্বাচন হয়, যাতে জয়ী হন ছেলে তানভীর শাকিল জয়। এর আগে নবম জাতীয় সংসদেরও সংসদ সদস্য ছিলেন তিনি।

