যুক্তরাজ্য ফেরতদের নিজ খরচে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

যুক্তরাজ্য থেকে যারা দেশে ফিরবেন তাদেরকে নিজের খরচে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, যুক্তরাজ্য ফেরত ব্যক্তিরা করোনা নেগেটিভ সনদপত্র নিয়ে আসলেও তাদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এ জন্য দিয়াবাড়ি, হজ ক্যাম্প অথবা কয়েকটি হোটেল প্রস্তুত রাখা হবে।

সব মহাসড়ক চার লেন
দেশের সব মহাসড়ক চার লেনে উন্নীত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

এ বিষয়ে তিনি জানান, এতে দুর্ঘটনা ৮০ শতাংশ কমে আসবে। মহাসড়কগুলোতে অবৈধ স্থাপনা নির্মাণ করলে দুই বছরের জেল অথবা ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

নিবন্ধন ছাড়া হজ নয়
হজ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বলা হয়েছে, নিবন্ধন ছাড়া কোন ব্যক্তি হজ করতে যেতে পারবেন না। কোন হজ এজেন্সি নিবন্ধন ব্যতীত কোন হাজীকে হজ করাতে পারবেন না।

কোন হজ এজেন্সি দেশে চুক্তি করার পর সৌদি আরবে তা ভঙ্গ করলে ওই এজেন্সির বিরুদ্ধে বাংলাদেশেই মামলা করা যাবে। চুক্তিভঙ্গের অপরাধে হজ এজেন্সির লাইসেন্স বাতিলসহ ১৫ থেকে ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

তাছাড়া মহাসড়কে একটি গাছ কাটলে তার বিপরীতে সাতটি গাছ রোপণ করতে হবে বলেও বৈঠকে বলা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.