নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আজ বিকেলে ফেসবুক লাইভে জনগণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, পারিনি। ৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব আমরা যে লক্ষ্যে সেদিন লড়াই করেছিলাম, যুদ্ধ করেছিলাম, যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। আজ এমন একটা সময়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যখন সারা পৃথিবীর সাথে সাথে বাংলাদেশেও করোনার দ্বিতীয় প্রকোপ শুরু হয়েছে। যদিও আমেরিকা বা ইউরোপের মত আমাদের দেশে করোনার প্রকোপ অত তীব্র নয়। তারপরও আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। যদিও টিআইবি, সিপিডি এবং অন্যান্যরাও বলেন যে সরকার করোনায় প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে ছলচাতুরী করে। সেই বিতর্কের মধ্যে না গিয়েও বলা যায় করোনা মোকাবেলায় আমরা কোন সফলতা দেখাতে পারিনি। এই ৮ মাসে বোঝা গেছে আমাদের স্বাস্থ্যখাত কত ভঙ্গুর, দূর্বল, অগঠিত এবং দূর্নীতিগ্রস্থ। স্বাস্থ্য, শিক্ষা এই মৌলিক অধিকার নিশ্চিত করা এবং পুনর্গঠন করা আমাদের দায়িত্ব। কিন্তু সরকার সেই ব্যাপারে কিছুই করেনি। কেবল বক্তৃতাবাজির মধ্যেই সরকার ব্যস্ত। প্রধানমন্ত্রী একদিকে বলেন করোনার প্রকোপ বাড়ছে, আর এদিকে আজকের পত্রিকাতেই এসেছে শীতের শুরুতেই হাসপাতালে ভীড়, পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে না, আইসিইউ সংকট। অথচ গলাবাজি করে বেড়াচ্ছেন জনগণ সচেতন নয়। মাস্ক না পড়লে জরিমানা, দ্বিগুণ জরিমানা – কেবলমাত্র জুলুমের শব্দ, গুন্ডামীর শব্দই এদের মুখে আসে।
মান্না বলেন, আমাদের প্রথম বক্তব্য হচ্ছে – স্বাস্থ্যখাতকে অল্প সময়ের মধ্যে সাজান। ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে। আমরা ভ্যাকসিন কবে পাব? যখন করোনা প্রথম শুরু হয়েছিল, তখন যেভাবে সরকারী দল, মন্ত্রী, এমপি, সচিব, চেলা, চামুন্ডারা বলেছিল, যেই দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সেখানে করোনা কিছু করতে পারবে না, তিনি একাই সব মোকাবেলা করবেন; সেরকম স্বাস্থ্য সচিব বলেছিলেন ভ্যাকসিনও আমরা সবার আগেই পাব। মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যবস্থা করবেন। অথচ আজকে সেই স্বাস্থ্য সচিবের বক্তব্য প্রকাশিত হয়েছে, তিনি বলেছেন আমরা ফেব্রুয়ারি, মার্চে ভ্যাকসিন পাব বলে আশা করছি। সরকার বলেছে ৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে। এগুলো কারা পাবে? ওই যে প্রণোদনা যেভাবে দেয়া হয়েছে, সেভাবে? আবারও তেলের মাথায় তেল দেয়া হবে? যারা দারিদ্র্যসীমার নিচে তাদের জন্য এই করোনায় সরকার কিছু করতে পারেনি, যারা দারিদ্র্য সীমার উপরে ছিলেন এরকম আরো ১ কোটি ৬০ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। আর সরকারি ত্রাণ, প্রণোদনা নিয়ে যে কি লুটতরাজ হয়েছে, তা তো আমরা সবাই দেখেছি। আমি প্রধানমন্ত্রীসহ সরকারকে প্রশ্ন করতে চাই, আপনারা গ্যারান্টি করতে পারবেন যে এই ভ্যাকসিন নিয়ে এরকম নয়ছয় করবেন না? আমি হুশিয়ার করতে চাই, সবকিছুর একটা সীমা আছে, বাড়াবাড়ির, চুরি ডাকাতিরও একটা সীমা আছে; এইবার এগুলো করতে পারবেন না। সেরকম যেন না হয়, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেন। আপনার প্রশাসন সেইজন্য প্রস্তুত নয়, আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় আপনার সরকারের মতই জরাগ্রস্থ, দূর্ণীতিগ্রস্থ। এই স্বাস্থ্যমন্ত্রীকে এতকিছুর পরও কেন রাখা হয়েছে, আমার বোধগম্য হয় না। এই করোনা ভ্যাকসিন নিয়ে যেন এরকম নয়ছয় না হয়, সেজন্য এই বিজয়ের মাসে বিশেষভাবে অনুরোধ করছি।
তিনি বলেন , আপনারা জানেন, দ্রব্যমূল্যের কি অবস্থা। অনেকগুলো সরকারি মদদপুষ্ট সিন্ডিকেট এই সবকিছু করে যাচ্ছে, যেটা সরকারও বলছে। ২ কোটি টাকার মামলায় বেগম জিয়াকে ১৭ বছরের কারাদন্ড দিয়েছেন, অথচ যারা এই সিন্ডিকেট করে, দেশের মানুষকে জিম্মি করে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, তাদের আপনারা কিছু করতে পারেন না। কারণ, তারা তো আপনাদের লোক, আপনাদেরই অংশ। ১০ টাকা করে চাল খাওয়াবার কথা বলে এখন ৬০ টাকা করে চাল খাওয়ায়। আর উন্নয়নের গল্প শোনায়। লজ্জাও করে না ওদের। তারা জিডিপি দেখায়, অথচ মানুষের পেটে ভাত নেই, মানুষের কাজ নেই। কেবলমাত্র জনগণকে ধোকা দিয়ে, তাদের উপর অত্যাচার করে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে। দ্রব্যমূল্যের পাশাপাশি ধর্ষণ বেড়েই চলেছে; ঘুষ, চুরি, দুর্নীতি থামেনি; দুঃশাসন, লুটপাট বন্ধ হয়নি এবং সামগ্রিকভাবে আপনারা ব্যর্থ হয়েছেন আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, সড়ক দূর্ঘটনার ক্ষেত্রে, দেশের অভ্যন্তরীণ শাষণের ক্ষেত্রে। তার আমরা আপনাদের বলছি, চলে যান, নির্বাচন দিন। সেইরকম একটা ব্যবস্থার মধ্যে যাতে নির্বাচন সুষ্ঠু হয়। আমি জানি আমি লাইভে এই কথা বললে সরকার এই কথা শুনবে না। আন্দোলন করতে হবে। লড়াই করতে হবে। এই বিজয়ের মাসে আমি আপনাদের বিজয়ের কথা বলতে এসেছি। আমরা যেন বিজয় অর্জন করতে পারি, সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। এই সরকার দখলদার সরকার, অবৈধ সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। এই বিজয়ের মাসে এই অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে সত্যিকারের বিজয় অর্জনই আমাদের একমাত্র শপথ হওয়া উচিত। আমি দেশবাসীকে সেই লড়াইয়ের আহবান জানাই।
শুদ্ধস্বর/আইপি

