সে একা অনেকক্ষণ ধরে ট্রেনের একটা কামরায়। গাড়িতে বসে বসেই ঘুমাচ্ছিল। ভাবছিল, জুড়ছিল, ভাঙ্গছিল, চোখ মেলছিল আবার বুজে আসছিল আপনিই।তার বুকে মাথায় অহরহ যন্ত্রণা, চোখে জ্বালা, মন অস্হির।কাশিটা বেড়েছে। চোখ বুজে রেখেও সে ঘুমাতে পারে না। এইমাত্র আরেকজন এসে বসে মুখোমুখি আসনে। একেবারে পরিচিত গায়ের গন্ধ অকস্মাৎ । স্নায়ুর মধ্যে বিস্ফোরণ । অনেক সময় আশ্চর্য রকমের অস্বাভাবিক ব্যাপারগুলো স্বাভাবিক হয় দাঁড়ায়। যেভাবে সক্কলে চলন্ত গাড়িতে অপরিচিত সহযাত্রী একজন আরেকজনকে দেখে, তাকায়। সেইভাবে শান্ত চোখে সে দেখে। অল্প আলোর নীচে টকটকা গোলাপী ফর্সা সুন্দর মুখখানিতে কিছু বয়সের আঁচড়। ভারী মিষ্টি দেখতে আজও। ঝটকা লেগে সে নড়েচড়ে উঠলো। দ্বিতীয় শ্রেণীর কুপে। নামে দ্বিতীয় শ্রেণী। কিন্তু অধিকাংশ বগির কাঠের সীট আছে উপরের গদি নেই। মাথার উপরের পাখা ঘুরেনা। এখানে যা ঢিমে আলো। পাশের বগিতে বুঝি আলো নেই, অন্ধকার । বাথরুম অপরিস্কার নোংরা, কখনও পরিমাণ মতো জল আসেনা। বসতে না বসতেই নবাগতা কথা শুরু করে । —-আজ গাড়ির গতি বড় দ্রুত। একটু হলেই ফেল মেরেছিলাম আর কী? —-গাড়ির গতি ঠিক আছে। আমাদের সময়টা এখন এমনই দ্রুত গতির। অনভ্যাস বশত: ঘড়ির কাঁটা সঠিক দেখতে ভুল করার। —–হু, তা হতে পারে। বয়স একেবারে ফেলনা না। উত্তর এলো অস্ফুট। —-তা হতে পারে নয়, তাই হয়েছে। অনেক দিনের সখ্যতা যেন এরকম একসাথে হেসে উঠে দুজনে। মুখ দুটো পরিস্কার দেখায় না। দুই বুড়ো বুড়ি। দুজনেরি বয়স ভারির দিকে।চোখে পুরো লেন্সের চশমা। দূর পথের যাত্রায় সহযাত্রীর সাথে ভাব জমিয়ে পূর্ব পরিচিত ঢঙে কথা শুরু করে। —–এই লাইনে এতো ভিড়ভাট্টা থাকে। গ্যেটে বাত, কোমর পিঠে ব্যথা নিয়ে প্রায়ই প্যাসেঞ্জারি করি। অধিকাংশ সময় বসার জায়গা পাইনা। বয়স্কা আর মহিলা বলে লোক সমীহ করে সীট ছেড়ে দেয়। কিন্তু আজকের মতো এতো ফাঁকা হয় না। —–হ্যাঁ । তার উপরে সুন্দরী হলো তো কথাই নেই। তুমি এই বয়সেও তেমন আছো। তোমাকে দেখে খুব ভালো লাগলো। কেমন আছো? —–এতোবড় ট্রেন। গোটা পঞ্চাশেক লোক হবে বোধহয় কিংবা তারো কম। ঐদিকে বোধহয় কোনো গন্ডগোল,,,,,, —–আজকাল লকআউট, ধর্মঘট নিত্য নতুন ঘটনা নয়। পিকেটিং, ধরপাকড় জোর দেখলাম পিছনে । ——তাই ভাবছিলাম পেট পুরে হাজার যাত্রী নিয়ে চলে। হঠাৎ এমন পেটখালি কেন ট্রেনের ? ——-তুমি আছো কেমন, ভালো আছো? ——আর থাকা। না থাকার চাইতে অনেক বেশী টিকে যাচ্ছি। ও মশাই হঠাৎ এইসব কথা জিজ্ঞেস করছেন, আপনিই বা কে? ——হাতে সময় আছে, দীর্ঘ অবসর। তুমি সর্বাঙ্গে সুন্দরী সহযাত্রী। সমস্ত মানুষ থেকে আলাদা। শীতের মধ্যেও মন বেপরোয়া রোমাঞ হয়ে যায়। ——- ট্রেনে কতকক্ষণ? আর কিছুক্ষণ আছেন নিশ্চয়ই? ——-মিনিট ত্রিশ ধরে চলছি । অনেক দূরের পথে যাবো , তা ধরো ঠিক ঠিক চব্বিশ ঘণ্টার রাস্তা। গন্তব্য শেষ স্টেশন। তোমার ? ——-আমিও আপনার পথের পথিক। শেষের স্টেশনে নাববো। একা একা লম্বা ভ্রমণ, পাক্কা চব্বিশ ঘণ্টা। কতক্ষণ মুখ বুজে থাকা যায়? কি করা যায় বলুন তো? ——- একা ভ্রমণের মধ্যে আনন্দ লুকানো আছে। একটুক্ষণ একাই যারা চলেছেন তারাই বলবেন কথাটা। ——- উহূহূ মোটেও তা না। আমি বাপু কথা না বলে থাকতে পারিনে। —— সে তুমি বরাবরই। আমার কথা শুনতে আপত্তি নেই বরং ভালোই লাগছে। বুকের মধ্যে মৃত্যু। একেক দিন একেক রকম সাধ হয় । অনেক কাল মুক্ত খোলাতে বসে গল্প করা হয়না । ——- যাক বাঁচালেন। আপনি তবে রাগী কিংবা রাশভারি নন? আশাকরি আমাদের সময় ভালোই কাটবে । ——- তবে তুমি,,,,,তুমি,,,এবং তুমি। আমার নাম,,,,,,, ——- না বাবা না। আমি ফট করে অল্প পরিচিত কাউকে তুমি বা নাম ধরে বলতে পারি না। আমরা একই পথে যাচ্ছি। আপনি কয়েক স্টেশন আগে উঠেছেন আমি পরে এইযা। আপাততঃ নাম জেনে কথা খরচার দরকার নেই। সে মনেমনে ভাবে, তুমি আজও আমায় নাম ধরে ডাকতে পারলে না। ——কিন্তু আমি যে বলছি ? ——- সেটা আপনার দয়া কৃপা, বুঝ এইসব। তাছাড়া অনুমান, আমার বয়স কিছু কমই হবে। ——- দয়া কৃপা এসব ছাড়াও কথা বলা যায় শ্রুতি । ——- আপনি দেখি আমার নাম জানেন। ম্যাজিক না কী? ——- তোমার স্যুটকেসের গায়ে পরিষ্কার হাতে নামটা লেখা রয়েছে। অমনি মনে হলো,নাম শ্রুতি হবে । আন্দাজে ঢিল ছোড়া। আজকে আমার দিন ভালো । ——- আপনার শরীর খারাপ। লক্ষ্য করছি খুব কাঁশছেন? এভাবের শরীর নিয়ে এতো দূরের পথে, এতো ঘন্টার জার্নি । একলা বেরুলেন যে, ঠিক হয় নাই। ——- কী করবো? অনেক দিন বুকে ব্যথা। ——- ডাক্তার করান না কেন? ——- এ ব্যথা উপশমের কাজ না। ——- বিয়ে করেননি?
—- প্রথম ভালোবাসা ভোরের ফোটা প্রথম ফুলের মতো। রৌদ্র ওঠার আগেই ঝরে পড়ে। একজনকে মনে ধরেছিল, ভালোবেসে ছিলাম। তারপরে আর সময় পাইনি। —— গ্রেট। গল্পের প্লট খুঁজে পাওয়া গেল। জীবন একটা নদী। প্রেম নদীর নৌকা। আর জোয়ার যৌবন। যৌবনে জীবন নদীতে নৌকা বাইনি এমন লোক কম আছে। আসুন যেতে যেতে গল্পটা করা যাক। সময়টা ভালো কাটলো। —— সঠিক সময়ে সঠিক জায়গায় এসে পড়েছ তুমি । কী বিষয়? —— আপনার অতীত। আমাদের প্রত্যেকের নেপথ্যে একটা অতীত থাকে। একদিন যখন বয়স কম ছিল। আপনার সেইসব শ্রেষ্ঠ দিন, যুবক জীবনের ভালোবাসার গল্প ? —— কথাটা সত্যি সেইদিন নয়, আজকে আমার জীবনের শ্রেষ্ঠ দিন । কে প্রথম তুমি ? ——- আমার সেইসব দিনের কথা এখন আর মনে করিনা। বোকা গবেটরা প্রেমে পড়ে। আমাদের যুগে ঐসব ভাবাই যায় না। আর মেয়েদের মুখে প্রকাশ,,,, ক্ষমা করবেন। বিরাট অপারগতা । তার ‘চে আপনার কথা শোনান। ——- অন্ধকার রাত কেউ কাছে রাখতে চায় না। তোমার দুহাত ভর্তি অঢেল দয়া । ——- ওকে বিয়ে করলেন না? ওকি আপনাকে ভালোবাসতো না? ——- ও ভালো বাসতো কিনা জানি না। তবে আমি ভালোবাসি। প্রত্যাখ্যাত হবার ভয় ছিল। —— -ওহো এক তরফা। ——- দু’ তরফার সুযোগ কোথায়? ও আমার ভালোবাসা জানলোই না। —— এরকম ভালোবাসা হয়? —— হয়তো । আর আমার সেটাই হয়েছে। তোমাকে বলা হয়নি, আমি ওর কাছেই যাচ্ছিলাম। কতকাল ওকে দেখিনা। ভালোবাসি কথাটা এবারে বলবো। —— সেকী। আপনি অনেক মজার লোক। এতো বছর পরে, এই বয়সেও,,,,,,মজা করে কথা বলতে পারেন। —– এখন বছর ত্রিশ পূর্বের বিবাহিতা, স্বামী বর্তমান,অবস্থাপন্ন, ছেলেপুলে ঘর সংসার আছে ওর। —– ঠিক বুঝলাম না, জটিল। ও শুনবে? ——- শুনবে শুনবে। যখন শুরু করলাম,,,,,,,,, ——- পাগল আর কাকে বলে। এমন অদ্ভুত কথা জীবনে শুনিনি। ——- এর জন্যই বলা হয়না। আমি তাহলে ওই দিকের বগিতে গিয়ে বসি। ——- না, না আপনি বলেন আমি শুনবো। যেদিন ও এই ব্যাপারটা জানবে সেদিন আপনায় পাগল আখ্যা দিতে পারে । ——- দিলে দেবে। সেটা ওর ব্যাপার। আমি তো পাগলই ওর জন্য। ——- ও আপনাকে ঘৃণা করতে পারে? ——- সেটা পারবে না। সেটা পারবার উপায় নেই। ——- কেন? ——– ঘৃণা করবার মতো কোনো কাজ করেছি এই পর্যন্ত? অন্ধকার কুপেতে মাঝ বয়সী একটা অবিবাহিত পুরুষ একটা সুন্দরী রমনী। তার উপর একা একা একান্ত দুজন। একলা কাছে পেয়ে কোনরকম বাজে প্রস্তাব,,,,, কাজ,,,,,, জোর করে অসভ্যতা??? চিৎকার করে ডাকলেও কেউই এখানে আসবে না যখন । —— না তা করেননি। তবে আমি আর ও কি এক হলো? —— সেই একই কথা। সেও তোমার বয়সের সুন্দরী রমনী। তোমার মতই কপালে লাল টিপ পরে। লাল টিপে ওকে অসাধারণ দেখায়। আমি কি তোমাকে আঘাত করলাম? ——- না। তবে শঙ্কা ছিল। আপনি অসুস্থ অস্বাভাবিক লোকের মতো কথা বলছিলেন । ——- আমি খুবই নীরিহ পরিচ্ছন্ন ভদ্রলোক। আমার কোথাও কুটো ময়লা নেই। অন্তত পরিচিতরা তাই জানে । আমি স্বাভাবিক কথা বলছি আর তুমি অস্বাভাবিক খোঁজো। —— আবোল তাবোল বকছেন। মনেহচ্ছে পাগলের প্রলাপ। আপনি কি কোনো পাগলা গারদ থেকে পালিয়ে এসেছেন? —— কথাটা সত্যি। আমি পাবনা থেকে পালিয়ে এসেছি। একনাগাড়ে ত্রিশ বছর ধরে জেগে কাটালাম । ——- ও মাগো, পাগল। তবে ভয়ানক লোক। এখন আমার আপনাকে ভয় লাগছে । আমি প্রথমে এমনটাই আশঙ্কা করেছি, উস্কোখুস্কো বড়ো চুল, চোখমুখ ঢাকা দাঁড়ি গোঁফ, কাঁধে চটের ঝোলা। ——- না না আমাকে সেরকম ভয় করবার কিচ্ছু নেই। আমাদের পৌঁছাতে মাত্র চব্বিশ ঘণ্টা সময় । তারপর তো দুজন দুদিকে। আমি তোমাকে ছেড়ে দেব। মানে আমরা যে যার পথে। তাছাড়া এই বগির সাথেই গার্ডের ঘর। পুলিশের লোকও আছে। আমি ইতোমধ্যেই দেখে নিয়েছি। পাগলামির কিছু দেখলে, তুমি ইচ্ছা করলেই আমাকে ধরিয়ে দিতে পারো। সমস্যা নেই। ঘৃণা করবার মতো কি যেন বলেছিলে তখন,,,,, ? —— আমি শিওর ও আপনাকে ঘৃণা করবে। —— আমি পাগল? —— ঘাট মানছি, মনের ভুল । —— তবে তুমি কি করে শিওর হলে ও আমায় ঘৃণা করবে? —— আপনি বললেন ওর ঘর আছে। মন ও দেহ ভাগাভাগির একটা মানুষ আছে। হয়তো সহায় সম্পত্তির মালিক। কোনদিকে অভাব বোধ নাই। —— অতোশতো জানিনা। দেখে তাই মনে হলো । আমারো ঘর টাকা পয়সা আছে। মনের মানুষ নেই। নিজের সব কিছুকে অংশী করবার একজন মানুষের প্রয়োজন। —— সেটা ওর ঘর ভেঙে কেন? —— কে বললে তোমায়, আমি ওর ঘর ভাঙছি ? —— আপনার মতিভ্রম ঘটেছে। যা বলেন মাথা ঠান্ডা করে বলেন। —— মাথা ঠান্ডা করতে চাচ্ছি, হচ্ছে না। ——- নেমে প্রথমেই ভালো করে তিব্বত কদুর তেল মাথায় ঘষে শীতল জলে নিজেকে চুবিয়ে নেবেন। —— তুমি খুব মাস্টারনি মার্কা কথা শিখেছ? —— সেদিনের কথা। কত তক্তা কেটে ছেটে পিটিয়ে এই হাতে বাক্স করেছি। ——- কলেজের চাকরি, ছাড়লে কেন? ——- ধরাবাঁধা দশটা পাঁচটা সময়। মন বাঁধা থাকতে চাইনি। ——- হঠাৎ চুপ মারলে যে, কথা বলো। ——- আপনাকে ভদ্র শিক্ষিত বলে মনে হয় । সমাজ কি বলবে? —— সমাজ। সমাজ। সমাজ। এইই দ্যাখো কপালে একটা গভীর ক্ষত। তোমার সমাজের আদরের উপহার।আমি সমাজকে মানিনা। সমাজ কি বলবে এতো জানা কথা। সমাজের ভয়ে কত জীবন অকালে নষ্ট হয়ে যাচ্ছে। সমাজ খবর রাখে কোনো। তার জন্য যা সইতে হয়, আমি সইবো। তুমিও সহ্য করো। —— এ্যা আমি সহ্য করবো মানে কি? —— কথার কথা বললাম। —— ওরকম কথার কথা বলবেন না । আমার নিজের কেউ শুনলে কলঙ্ক রটবে। ভেবে কথা বলেন। এমনভাবে বলছেন ভিতরে তিক্ততা গুলিয়ে উঠলো যেন। আপনি অসম্ভব রেগে উঠছেন। —— তুমি আহুদা ভয় পাচ্ছো। সময় নাই ভাবাভাবির। সময় অত্যন্ত কম। সত্যিই বলছি আমার মাথার দিব্যি ভিতরে খুন চেপে থাকে ,,,, না থাক, তোমার মাথা ছুঁয়েই বলি ,,,,,,,,, —— এই না, না, না, আপনি আমাকে ছোঁবেন না বলছি। যেখানে বসে আছেন, দূরত্ব রেখে বসে থাকেন। —— এইই বসলাম। তুমি সামান্যতেই চটে ওঠো। সেও অমনি ছিল ,,,,, ——- সেখানে কী করতে চাইছেন ? ——- কিচ্ছু নেব না। শুধু দেখবো। মোটে চব্বিশ ঘন্টা ওকে গান
গেয়ে আমার সামনে আটকে রাখতে চাই। —— আশ্চর্য অদ্ভুত কথা। কিছু চাননা অথচ আটকে রাখবেন কেন? শুধুমাত্র গান শুনাতে? কী গান শুনাবেন ??? —— তুমি তো আর শুনতে চাওনি ? কত গান আছে,,,,,আমি এতো যে তোমায় ভালোবেসেছি,,,,, —— মানবেন্দ্র মুখোপাধ্যায়,,,,,, ——- জানতুম তুমি খুব মেধাবী,,,, আজও সেইরকম। ——- আচ্ছা বাদ দেন। একজন পরস্ত্রী আটকে গান শুনাবেন,,, বেশ ভালো। সত্যিই আমার চিন্তা হচ্ছে। যে কোনো কারণে আপনার মাথা গরম। আপনি বুঝতে পারছেন না, সেখানে কেন যাচ্ছেন।এতো বড়ো কঠিন সিদ্ধান্ত। কেউ কারো জন্য নেয় না। এদেশে আইন কানুন আছে। —— এদেশে আইন আছে, প্রয়োগ নাই। সব চলে সিস্টেমে। আমি সিস্টেম জানি।মাত্র চব্বিশ ঘণ্টা দেখার জন্য আটকে রাখবো। —— আপনি প্রচুর অর্থ বিত্তের অধিকারী তাই। সর্বদিকে ক্ষমতা আছে আপনার? —— আমি তো পিদিম। চোখ ধাঁধানো তার শহরে কতো আলোর রোশনাই আছে। শুনেছি ওর কর্তা ব্যাক্তিটি ডাকসাইটে পুলিশ অফিসার। ক্ষমতা আর দাপট দুইই আছে। তার ভয়ে বাঘে ছাগলে এক ঘাটে জল খায়। —— আপনি তার সম্পর্কে এতো খবর সংগ্রহ করলেন কী উপায়ে? আপনার কথা শুনতে শুনতে আমার নিজেরও একটা পাগল পাগল দশা। মনে হচ্ছে কথাগুলো আমাকেই বলছেন। ——- তুমি আচানক ভয় পেয়ে গেলে? তোমার কর্তা বুঝি পুলিশের লোক? তাহলে আমার শুভযোগ। ধরে নিই তুমিই সেই,,,,,, কিংবা ,,,, ধরো যদি তোমাকেই বলে থাকি,,,,,, —— তাইতো আমাকেই বা বলবেন কেন? আমার লুকানো ছাপানো কোনো ঘটনা নাই। —– সে তো জানিই। ভালো করে ভেবে দেখ, আমাদের প্রত্যেকের ঘটনা রটনা আছে । ——থাকলেই আপনার কী? আপনার সব অনেক অন্যরকম। ঠিক এ ভাবের কাউকে বলা, দেখতে চাওয়া অনর্থক। অর্থহীন। মনেহচ্ছে না আপনি অপরাধী? অপরাধ করতে চলেছেন। —— আমি কোনো অন্যায় যৌবনে করতে পারিনি। এমন প্রশ্ন জবাব অবান্তর। অপরাধী হবো কেন? মাত্র চব্বিশ ঘন্টা ধরে দেখবো এই মুহূর্তে যেমন আমরা। এটা অপরাধ সাব্যস্ত হবে কোন আদালতে? তাছাড়া যতটুকু মনে পড়ে আইনের বইয়ে এই ধরনের অপরাধের জন্য কোনো শাস্তি নির্ধারণ নেই। —— আপনি আইনের ছাত্র? কে আপনি,,,,,, আপনি,,,,,,, ?” —— আমি কে? জীবন জমিনে কত কিছু দাফন করে চলতে হয় লোককে। পরিচয়টা তুমিই বলো? —— না থাক। আমি আপনাকে চিনি না। কখনই দেখিওনি। আপনি আবারও খুব কাঁশছেন? —— বুকের মাঝে কিছু কষ্ট থাকা ভালো। ——- তার চাইতে ভালো হয় পরের স্টেশনে আপনি যদি নেমে যান। ——- তোমার কথায় আমি নামবো কেন? রীতিমতন ফুল টিকিট কেটে উঠেছি।চব্বিশ ঘণ্টা আমি নেবই। —— মানে আমি বলতে চেয়েছিলাম, আমরা নেমে যাই। আমি আপনাকে ডাক্তার দেখিয়ে ফিরতি ট্রেন ধরিয়ে তবেই যাবো। —— যাবার জন্যই তো এসেছো। তোমার কলঙ্ক হবে না? —— কথাটা এঅব্দি মনে রেখেছেন। একটু আধটু কারো কাজে লাগলে কলঙ্ক হয় না। তাছাড়া আমার বাড়ি ঐদিকে। আপনার যে কোনো সাহায্যে লাগতে পারি। ওকে যা বলতে হয়, বলে দিলে বলবো। ——তোমার বদান্যতা। —— এখনও মাথা ঠান্ডা করলেন না। আপনাকে কিছুতেই হটানো যাবে না। —— না। আর ততদূর ওর বাড়িতে যাওয়া পড়ছে না আমার । এখানেই চব্বিশ ঘন্টা শেষ হচ্ছে,,,,, মিনিট দুই বাকি। ভাগ্য সদয় হলে একবার দেখা পাবো। কিছু কথা বলার ছিল,,,, বলবো। দেখা পেলাম। কথা হলো। আজকে আমি আনন্দ বোধ করছি। ও দূরে চলে যাবে যাক। আমি আজও দূর হইনি। সেদিন অপেক্ষায় রেখে, ভালোবাসার কথাটা বলবো বলে বেরিয়েছিলাম পথে। সমাজ আমার কপাল ফাটিয়ে পাগলা গারদে রেখে দিল। ঐদিন খতম করে দিলে আমি ক্লোজ হয়ে যেতাম। তা না দিলো আরো ত্রিশ বছর। ত্রিশটা বছর ওহ খোদা ত্রিশ বছর। আরেক জনম। অনেক কষ্ট চেষ্টার পরে পালিয়ে এসেছি। ঠিকানা জোগাড় করলাম। শুনেছি ওকে প্রায়ই দেখা যায় এই পথে যাতায়াত করতে। একবার দেখার লোভ সামলাতে পারলাম না। দূর্বলতা গলা চিপে আছে। সময় শেষ জেনেও, মোহের টানে ট্রেনে চেপে বসলাম । ও জেনে গেল, কিছুটা হলেও তো আমি অপেক্ষা করেছিলাম। আমি নিশ্চিন্ত। এইবার ঘুমাবো মন জ্যোৎস্না।” বলে সে সীটের গায়ে ঠেস দিয়ে চক্ষু মুদে নিল। এরই মধ্যে বসে বসেই ঘুমিয়ে গেল। —— তুমি তুমি সপন না ,,,, সপন আমি তোমায় চিনেছি তুমি সপন। অথচ আমি চিনলাম না । আমার এতো কাছে তুমি। আমি তার খেয়াল করিনি কোনো। সে ঘুমিয়ে পড়েছে ভেবে বুড়িটা নিজের গায়ের চাদরখানা খুলে বুড়োর গায়ে দিল। তারপর একা একা বকা ধরলো,” শেষটা শুনবে না। অন্তত এখন তুমি। বিশেষত দেখা যখন দিলে কৃপা করে। ভালোবাসো জানলে না বলার সাধ্য ছিল না। সর্বস্ব দিতাম তখুনি। সেদিন ক্লান্ত হয়ে একা ফিরে গেছি। অবিশ্বাসের জোর দলামূচ থেকেছে। তুমি পালিয়ে গেছ শুনে। পরে সবই বুঝেছি। আজ শোধবোধ হয়ে গেল। এইমাত্র তোমায় এতো কাছে পেয়ে। আমি সুখি, তুমিও সুখে থাকো। ট্রেনটা চলছে হিসহিসিয়ে। সামনে তখনও কয়েকটি স্টেশন পড়ে।ট্রেনের হুইশেল, ঝাঁকানিতেও বুড়োর ঘুম ভাঙছে না। পথের মানুষ দেখেও বুড়ি এলোমেলো হলোনা। দূর দিগন্তেও হারিয়ে গেলনা। দুপুর গড়ালো রাত্রি নামলো। দেখতে দেখতে শেষের স্টেশন পৌঁছেছে । চারিদিকে হৈ হল্লা। চৌকিদার, ফেরিওয়ালা মুটের হাঁকডাক। বগিতে দুইটা দেহ কেউই টের পায়নি। শেষ যাত্রীও চলে গেছে ভেবে গার্ডের বাঁশি শুনে বড়ো ঝাঁটা হাতে উঠে এলো দুই ঝাড়ুদার। ঝপঝপিয়ে আওয়াজ তুলে ঐ মাথা থেকে ঝাঁড়ু দিতে দিতে এগিয়ে আসছে। বুড়োর ঘুম ভাঙলো না।

