গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকায় সিলিন্ডার থেকে নির্গত হওয়া গ্যাসের আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন দক্ষিণ পানিশাইল এলাকার প্রবাল হাউজিংয়ের বাড়ির মালিক আব্দুর রশিদ, নাটোর জেলার বাসিন্দা ভাড়াটিয়া শরিফুল ইসলাম ও নওগাঁর বাসিন্দা তাহমিনা।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, স্থানীয় প্রবাল হাউজিংয়ের বাসায় ভাড়ায় থাকতেন পোশাক শ্রমিক সবুজ। কারখানা ছুটি থাকার তাদের কক্ষটি তালাবদ্ধ করে গ্রামের বাড়ি চলে যান তিনি। এদিকে তালাবদ্ধ কক্ষের সিলিন্ডার লিক হয়ে গ্যাস নির্গত হয় পুরো কক্ষে।
ওই বাসার অন্য কক্ষের ভাড়াটিয়া শরিফুল ইসলাম ও তাহমিনা বিষয়টি বুঝতে পারলে বাড়ির মালিক আব্দুর রশিদকে নিয়ে তালাবদ্ধ কক্ষটি খোলেন। কক্ষের গ্যাস কীভাবে ছড়ালো তা খুঁজতে থাকেন। এ সময় তারা ওই কক্ষের অটো চালু করতেই হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই তিন জন দগ্ধ হন। তাদের শরীরের ১০ থেকে ৩০ শতাংশ পুড়ে গেছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে তারা আশঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।

