২ নবজাতকের মৃত্যু: ৩ হাসপাতালের কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

রাজধানীর তিন হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই তিন হাসপাতালের পরিচালকদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছন হাইকোর্ট। আগামী ২৮ ঘণ্টার মধ্যে মুগদা ইসলামী হাসপাতাল, আগারগাঁওয়ের শিশু হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। 

সোমবার (২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, `রাজধানীর তিনটি হাসপাতল ঘুরেও চিকিৎসা না পেয়ে জমজ দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় আদালত সংশ্লিষ্ট ৩ হাসপাতালের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজধানীর মুগদা ইসলামী হাসপাতাল, আগারগাঁওয়ের শিশু হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।`

একইসঙ্গে দুই নবজাতককে চিকিৎসা না দেয়ার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ভুক্তভোগী সুপ্রিম কোর্টের কর্মচারী আবুল কালাম জানান, তার স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া অসুস্থ জমজ সন্তান তিন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে দুপুরে মারা যান। পরে দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে যান তিনি। বিষয়টি হাইকোর্ট নজরে নিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.