ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সৈয়দাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুপুরে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্রাক সৈয়দাবাদ এলাকায় বিপরীতদিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। একই সময়ে ট্রাক ও অটোরিকশাকে আরেকটি মাইক্রোবাস এসে আঘাত করে। এই দুর্ঘটনায় অটোরিকশা ও মাইক্রোবাসের আট আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম মুসা চৌধুরী তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন আরেকজন মারা যান। আহত চারজন সেখানে চিকিৎসাধীন আছেন।
নিহতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের নাবালক মিয়া (৭২), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০), ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা (৫৫) ও নাতনি নাদিয়া (৫)। নিহত নাবালক মিয়ার ছোট ভাই খুরশেদ আলম (৬০), নাতনি জান্নাত (৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের বিল্লাল মিয়ান (২২), সুনামগঞ্জের ছাতক উপজেলার নরসিংহপুর গ্রামের প্রাইভেটকারের চালক সালমান (২২) সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

