মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে: কৃষিমন্ত্রী

মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘করোনা পরিস্থিতিতেও দেশে খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে। গত বোরো মৌসুমেও ধানের খুব ভালো ফলন হয়েছে। কিন্তু কয়েক দফার দীর্ঘস্থায়ী বন্যার কারণে আমন ধান উৎপাদন কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আশানুরূপ উৎপাদন না হওয়ায় আশঙ্কা দেখা দিচ্ছে। মুনাফাখোর ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে।’

রবিবার (২৫ অক্টোবর) সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ‘বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এই আশ্রয়কেন্দ্রটি নির্মিত হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, ‘এ দুর্যোগেও এখন পর্যন্ত দেশে খাদ্যের কোনও সংকট হয়নি। সামনের দিনগুলোতেও যেকোনও পরিস্থিতিতে যাতে মানুষের খাদ্য সংকট না হয়, সেজন্য আমাদের পূর্বপ্রস্তুতি রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই কৃষিবান্ধব ও কৃষকদরদী। তার নেতৃত্বে সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করেছে। সার, বীজ ও সেচসহ কৃষি উপকরণে ভর্তুকি প্রদান এবং ফসলের উন্নতজাত উদ্ভাবন ও চাষের ফলে দেশে খাদ্য উৎপাদনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকারের লক্ষ্য হলো বাংলাদেশের কোন মানুষকে যাতে না খেয়ে কষ্ট করতে না হয় সেটার নিশ্চয়তা দেয়া। প্রয়োজন হলে অল্প পরিমাণ চাল বিদেশ থেকে আমদানি করা হবে।’

এ সময় মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান, উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, পৌরসভার মেয়র মো. মাসুদ পারভেজসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.