লাদাখে ক্রমেই বাড়ছে প্রবল সংঘাতের আশঙ্কা। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনা তৎপরতায় রীতিমতো ঘনিয়েছে যুদ্ধের মেঘ। এহেন সংকট কালে মায়ানমার সফর বাতিল করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ও বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্রে খবর, ২৯ ও ৩০ আগস্ট রাতে লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণে অনুপ্রবেশের চেষ্টা করে চীনা বাহিনী। শুধু তাই নয়, এই বিষয়ে দুই সেনার কমান্ডার স্তরে আলোচনা চলাকালীন সোমবার ও প্যাংগংয়ে ও মঙ্গলবার চুমার সেক্টরে আগ্রাসন চালায় লালফৌজ। যদিও ভারতীয় ফৌজ সতর্ক থাকায় পিছু হঠতে বাধ্য হয় চীনা বাহিনী। এহেন পরিস্থিতিতে বুধবার বা আজ থেকে শুরু হতে চলা মায়ানমার সফর বাতিল করলেন সেনাপ্রধান নারাভানে ও বিদেশ সচিব শ্রিংলা। তবে এদিন, চারদিনের রাশিয়া সফরে রওনা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে Shanghai Cooperation Organisation-এর (SCO) বৈঠকে অংশ নিলেও চীনা অফিসারদের সঙ্গে কোনও বৈঠকে বসবেন না প্রতিরক্ষামন্ত্রী বলেই খবর।
শুদ্ধস্বর/আইপি

