পিয়াজ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে টিসিবি : বাণিজ্যমন্ত্রী

দেশে পিয়াজের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে বড় ধরনের আমদানি ও সাশ্রয়ী মূল্যে খোলাবাজারে পিয়াজ বিক্রয়ের উদ্যোগ নিয়েছে। যারা টিসিবির ট্রাক সেল থেকে পিয়াজ কিনতে পারছেন না, তাদের জন্য ই-কমার্সের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যের পিয়াজ বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে টিসিবি।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্সের আয়োজনে জুম প্ল্যাটফর্মে টিসিবির ‘ঘরে বসে স্বস্তির পিয়াজ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, অন্যান্য পণ্যের মতো এখন সাশ্রয়ী মূল্যের পিয়াজও বাসায় বসে কিনতে পারবেন ক্রেতারা। ই-কমার্সের মাধ্যমে পিয়াজ বিক্রয়ের ধারণাটি নতুন। এ ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আমরা থেমে থাকব না, সমস্যার সমাধান করে এগিয়ে যাব।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশি ও আমদানিকৃত পর্যাপ্ত পিয়াজ মজুত রয়েছে। ইতোমধ্যে ভারত ২৫ হাজার মেট্রিক টন পিয়াজ রফতানির অনুমতি দিয়েছে, এগুলো বাংলাদেশে প্রবেশ শুরু হয়েছে। আশা করা যায়, ভারত আরও ১০ হাজার মেট্রিক টন পিয়াজ রফতানির অনুমতি দেবে। মিয়ানমার ও তুরস্ক থেকে পিয়াজ আমদানি শুরু হয়ে গেছে। এ ছাড়াও অনেক দেশ থেকে পিয়াজ আমদানি করা হচ্ছে। দেশে পিয়াজের কোনো সংকট হবে না। আমরা অস্থির না হয়ে শুধু প্রয়োজনীয় পিয়াজ ক্রয় করলে কোনো সমস্যা হবে না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.