ভারতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি বিশ্বের মধ্যে সর্বোচ্চ

ভারতে  দৈনিক নতুন সংক্রমণ পাঁচ দিন ধরেই রয়েছে ৭৫ হাজারেরও বেশি। আজ তা সাড়ে ৭৮ হাজার। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্ত ৩৬ লক্ষ পেরিয়ে গেল। গত দু’দিনে ভারতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আক্রান্তের পাশাপাশি মৃত্যুতে মেক্সিকোকে পিছনে ফেলে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। সুস্থ হয়ে ওঠার হার ৭৬ শতাংশের বেশি হলেও গত কয়েক দিনের তুলনায় আজ বাড়ল সংক্রমণ হার।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮ হাজার ৫১২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশের মোট আক্রান্ত হলেন ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৫ জন। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৫ হাজার ৩১৬ ও ১৬ হাজার ১৫৮ জন। অর্থাৎ আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে রোজ বেশি লোক নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। এই ধারা গত ১৫ দিন ধরেই অব্যাহত। আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫৯ লক্ষ ৯৫ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩৮ লক্ষ ৬২ হাজার।

প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৯.২৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ৪৬ হাজার ২৭৮ জনের। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.