বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দেশে আনার চেষ্টা চলছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষেই তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।

জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে সোমবার (৩১ আগস্ট) দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিথ্যা তথ্য দিয়ে ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট হয়েছেন খুনি রাশেদ চৌধুরী। আমরা সে সব তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। আশা করছি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। বিদেশে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত আরো পাঁচজন খুনি আছেন। যাদের মধ্যে দুইজনের তথ্য আমাদের কাছে আছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডায় পলাতক নূর আলীর তথ্যও আমাদের কাছে আছে। তাকেও ফিরিয়ে আনার জন্য আলোচনা করছি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন আরো বলেন, দেশের মানুষের জন্য যেটা ভালো আমরা সেটাই করবো। যে দেশ আগে ভ্যাকসিন আনবে, আমরা সে দেশ থেকেই যত তাড়াতাড়ি সম্ভব করোনা ভ্যাকসিন আনার চেষ্টা করবো। এ জন্য আলোচনা চলছে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল হাই, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার, কৃষক লীগের সাবেক সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.