রাজশাহী মহানগরীতে একটি ফাঁকা বাস থেকে এক হেলপারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাসে লাশ থাকার খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান।
নিহত ব্যক্তির নাম মনি (২২)। নগরীর হাজরাপুকুর ডাবতলা এলাকায় তার বাড়ি। বাবার নাম দিলীপ দাস। মনি বাসের হেলপার ছিলেন। বাসটির নাম ‘আরপি চ্যালেঞ্জার’। চার দিন ধরে বাসটি মহানগরীর খানকা শরীফের মোড় এলাকার একটি গ্যারেজে ছিল।
মহানগরীর শাহমখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, চারদিন আগে বাসটি এখানে রাখা হয়। এরপর প্রতিরাতে হেলপার মনি বাসে এসে থাকতেন এবং সকালে চলে যেতেন। বুধবার দিবাগত রাতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি সাইফুল ইসলাম খান জানান, বাসের মালিক-চালক সবাই আছেন। তাদের সঙ্গে কথা বলে হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।

