নির্যাতিত সেই মা ও ২ মেয়েকে জামিন দিলেন আদালত

কক্সবাজারের চকরিয়ার আলোচিত গরু চুরির অপবাদে রশি দিয়ে বেঁধে স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক মারধরের ঘটনায় গ্রেফতার পাঁচজনের মধ্যে মা-মেয়েসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার সকালে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব এ জামিন দেন। জামিনপ্রাপ্তরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী পারভীন আক্তার, তার মেয়ে সেলিনা আক্তার ও রোজিনা আক্তার।

চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় ঘটনাটি তুলে ধরে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক রাজিব কুমার দেবের আদালতে আসামিদের জামিনের জন্য প্রার্থনা করেন অ্যাডভোকেট ইলিয়াস আরিফের নেতৃত্বে একদল আইনজীবী।

এ সময় আদালতের বিচারক রাজিব কুমার দেব আসামিদের আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দেন। পরে পুলিশ সোমবার সকালে মা পারভীন আক্তার ও মেয়ে সেলিনা আক্তারকে আদালতে উপস্থিত করেন। এ সময় আদালত মা-মেয়েসহ তিনজনকে জামিন দেন। অন্য দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শুক্রবার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে গরু চুরির অপবাদে মা-মেয়েসহ পাঁচজনকে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন স্থানীয় লোকজন।

পরে তাদের রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে সড়কে ঘুরিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরানের কাছে নিয়ে এলে তিনিও দ্বিতীয় দফায় মারধর করেন।

এতে তারা অসুস্থ হয়ে যান। এ সংবাদ পেয়ে পুলিশ তাদের উদ্ধার করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.