করোনায় দেশে আরো ৪৬ মৃত্যু, শনাক্ত ২২৬৫

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ২ হাজার ২৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৫৯৫টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১১ হাজার ৩৫৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৫ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.৪৪ শতাংশ।

নতুন যে ৪৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৮২ জন বা ৭৮.৮৮ শতাংশ এবং নারী ৮২৫ জন বা ২১.১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৬ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.