করোনায় আক্রান্ত এমপি দবিরুল ইসলাম

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম।

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার।

সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার জানান, গত ২১ আগস্ট করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে এমপি আলহাজ দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

রোববার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে এমপিসহ আরও ১৬ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এদের মধ্যে সদর উপজেলার ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৭জন, পীরগঞ্জ উপজেলার ৩ জন, হরিপুর উপজেলায় ১জন ও রাণীশংকৈল উপজেলায় ২ জন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, এমপি আলহাজ দবিরুল ইসলাম নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা সকলেই সুস্থ রয়েছেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.