প্রাণঘাতী মহামারি করোনার সাথে যুদ্ধে হেরে পৃথিবী থেকে বিদায় নিলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুই সপ্তাহ আগে আরিফুর করোনা আক্রান্ত হোন। রাজধানীর রাজারবাগ পুলিশ সেন্ট্রাল হাসপাতালে গতকাল বুধবার (২৬ আগস্ট) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পরিস্থিতির আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল নয়টায় কুষ্টিয়া পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আরিফুরের মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে পাঠানো হবে। ব্যক্তিগত জীবনে আরিফুর এক বছর বয়সী এক কন্যা সন্তানের জনক। তিনি কুষ্টিয়ার বিভিন্ন থানায় পুলিশের এসআই হিসেবে চাকরি করে মানুষের প্রশংসা কুড়ান। পরে পদোন্নতি পেয়ে ওসি হয়ে দৌলতপুর থানায় যোগ দেন। সৎ পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে আরিফুরের বাড়ি ।

