যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন পম্পেও!

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন বলে দাবি করেছেন দুই মার্কিন বিশ্লেষক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে এ বিশ্লেষণ করেন তারা।

কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টানন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অ্যারন ডেভিড মিলার ও রিচার্ড সোকোলস্কি তাদের বিশ্লেষণে দাবি করেন, মাইক পম্পেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতিমাত্রায় রাজনীতিকরণ করেছেন। পম্পেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ারে পরিণত করেছেন। তিনি একের পর এক আইন লঙ্ঘনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহিতার হাত থেকে রক্ষা করে যাচ্ছেন।

এ বিশ্লেষকরা দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়ার বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পম্পেও।

তারা উল্লেখ করেন, গত কয়েক মাসে করোনাভাইরাস ও হংকং পরিস্থিতি নিয়ে চীনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। আর এ নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পম্পেও। চীন পাল্টা একটি মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিলে বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য বুমেরাং হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের এ দুই গবেষকের মতে, ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের লক্ষ্যে চীন ও রাশিয়াবিরোধী অবস্থান নিলেও পম্পেও সে নীতি বাস্তবায়ন করতে গিয়ে লেজেগোবরে অবস্থা করে ফেলেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.