করোনা বিশ্বকে কয়েক দশক পিছিয়ে নিতে পারে: জাতিসংঘ মহাসচিব

করোনাভাইরাস মহামারি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) থেকে বিশ্বকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে বলে মঙ্গলবার সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি শীর্ষক এক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এই আশঙ্কার কথা জানান জাতিসংঘ প্রধান। তিনি বলেন, করোনা সংকটের আগেই বিশ্ব ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সঠিক পথে ছিল না।

গুতেরেস বলেছেন, `যখন আমাদের মরিয়াভাবে এগিয়ে যাওয়া দরকার, কোভিড-১৯ তখন আমাদের কয়েক বছর, এমনকি কয়েক দশক পিছিয়ে নিতে পারে। দেশগুলোকে ব্যাপক আর্থিক ও প্রবৃদ্ধি চ্যালেঞ্জের মধ্যে ফেলছে এটি। এই সংকট এসডিজি থেকে আমাদের অনেক দূরে সরিয়ে নিচ্ছে।’

করোনাভাইরাস এমন সময়ে আঘাত হেনেছে যখন বিশ্ব এরই মধ্যে অগ্রহণযোগ্যভাবে দারিদ্র্য বৃদ্ধি, দ্রুত জলবায়ু পরিবর্তন ও অর্থায়নে বিশাল ব্যবধানের মতো চ্যালেঞ্জের ‍মুখে।

করোনায় ১ কোটি ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, যার মধ্যে সাড়ে পাঁচ লাখের বেশি মারা গেছেন। বছরের মাঝামাঝি এসে ৪০ কোটি মানুষ চাকরি হারিয়েছে, ১০ কোটি মানুষ চরম দারিদ্রতার মুখে।

এই সংকট কাটিয়ে ওঠা চ্যালেঞ্জের বললেন, `আমি আজ এখানে বলতে আসিনি যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের নিজেদের সঙ্গে সৎ থাকতে হবে। আমাদের অতীত ও বর্তমান ব্যর্থতার জন্যই কোভিড সংকটের ধ্বংসাত্মক প্রভাব পড়ছে।‘

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.