ফটো সাংবাদিক কাজল দুই দিনের রিমান্ডে

 ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম (ভার্চুয়াল কোর্ট) দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ডের আদেশ দেন। হাজারিবাগ থানার এ মামলা তদন্ত কর্মকর্তা ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই মো. রাসেল মোল্লা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে এদিন তাকে আদালতে হাজির করা হয়নি। কারাগার থেকেই কাজলের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয়। সাংবাদিক কাজলের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ূয়া রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ( জিআরও) পুলিশের এসআই এস আশ্রাফ আলী জামিনের বিরোধীতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন। জিআরও আশ্রাফ আলী এসব তথ্য জানিয়েছেন। এর আগে চলতি বছর ১০ মার্চ বাংলাদেশ যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক উসমিন আরা বেলী মামলাটি দায়ের করেন।
নরসিংদী জেলা যুব মহিলা লীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে নিয়ে শফিকুল ইসলাম কাজল নানাবিধ স্ট্যাটাস দিতে থাকেন। বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে অসত্য খবর প্রচার করতে থাকেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের সাধারন সম্পাদকসহ বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, যুব মহিলা লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক নারী নেতাকর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর, আপত্তিকর, বানোয়াট তথ্য আপলোড করেন। তার আসল উদ্দেশ্যে ফেসবুকে এসব মিথ্যা তথ্য আপলোডের মাধ্যমে নেতাকর্মীদের ভাবমূর্তি বিনষ্ট করা এবং চাঁদাবাজি করা। উল্লেখ্য, ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল।
নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে কাজলকে আটক করে বিজিবি। পরদিন (৩ মে) অনুপ্রবেশের দায়ে বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। এরই মাঝে তার বিরুদ্ধে হাজারিবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। এদিকে গত ২৪ জুন শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য শিখরের দায়ের করা মামলায় তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.