খানত্রয়ীকে সুশান্ত ভক্তদের বয়কটের ডাক

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা কিছুতেই মেনে নিতে পারছেন না তার ভক্তরা। তার মৃত্যুর কারণ হিসেবে বলিউডের স্বজনপ্রীতিকেই দায়ী করছেন তারা।

এদিকে সুশান্ত ভক্তরা বলিউডের খানত্রয়ীকে বয়কটের ডাক দিয়েছেন। তারা মাইক্রোব্লগিং সাইট টুইটারে আমির খান, সালমান খান ও শাহরুখ খানের সিনেমা বয়কটের আহ্বান জানিয়েছেন। উজ্জ্বল পাঠক নামে একজন লিখেছেন—খানত্রয়ীকে বয়কট করো এবং তাদের সিনেমা দেখা থেকে বিরত থাকো। রিশাপ সিং নামে একজন লিখেছেন—আমি সালমান খানের মৃত্যু কামনা করি। খানত্রয়ীর বিরুদ্ধে এমন অসংখ্য টুইট অন্তর্জালে ঘুরে বেড়াচ্ছে।

এদিকে সুশান্তের আত্মহত্যার পর থেকেই অভিনেতা সালমান খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন সুশান্ত ভক্তরা। সালমানের বাড়ির সামনে বিক্ষোভ করেছে। ‘সালমান খান মুর্দাবাদ’ বলে স্লোগান দিয়েছে। কুশপুতুল পুড়িয়েছে তারা। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।

এতে ভীষণ চটেছেন সালমান ভক্তরা। তবে এসবের পরেও ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সালমান খান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে ‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতা লিখেছেন—আমার সব ভক্তদের প্রতি একটা অনুরোধ, আপনারা সবাই সুশান্তের ভক্তদের পাশে দাঁড়ান এবং যে ধরনের ভাষা ও অভিশাপ ব্যবহার হচ্ছে তাতে কান না দিয়ে তাদের আবেগ বোঝার চেষ্টা করুন। দয়া করে তার পরিবার ও ভক্তদের পাশে দাঁড়ান কারণ প্রিয়জন হারানো অনেক কষ্টদায়ক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.