১৮০০ শ ভারতীয় শ্রমিক এবং করোনা দর্পণ

করোনা বিশ্বকে অনেক কিছুই দেখাচ্ছে এবং শিখিয়ে দিয়ে যাচ্ছে। বাংলাদেশকেও শিক্ষা কম দিচ্ছে না । বিশ্বের অন্যান্য দেশ নিশ্চিত এই করোনা থেকে শিক্ষা নিবে এবং আগামীর ভবিষ্যতের জন্য আরো ভালো কিছু করার প্রয়াস নিবে। তবে আমাদের দেশ কি শিক্ষা নিবে বা ভবিষ্যতে কোন দিকে ধাবিত হবে, সেটা নিয়ে সন্দিহান থাকাটাই যে আমাদের রক্তের মাঝে অবস্থিত । কেননা আমরা কোনো কিছু থেকেই খুব বেশি শিক্ষা নেই না বা স্মরণে রাখি না । এটা আমাদের মজ্জায় রয়েছে। অনেক উদাহরণ আছে । যদিও আমরা কথায় কথায় বলে বেড়াই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরাই সম্ভবত একমাত্র জাতী, যারা ইতিহাস থেকে খুব বেশি শিক্ষা নেই না ।

ইতিহাস থেকে শিক্ষা নেই না, ছোট্ট একটি চরম উদাহরণ হলো ১/১১ এর সময়কার শিক্ষা।  ৮০ দশকে কত রক্ত ঝরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় দেশ ফিরেছিলো । অথচ সেই তরুণদের তাজা রক্তকে এ জাতী মূল্যায়ন করে নি , ফলাফল ছিলো ১/১১ এর সরকার।  সেখান থেকেও শিক্ষা কিন্তু দেশ নেয় নি। বর্তমান রাজনীতিই তার বলিষ্ঠ উদাহরণ বটে। এটি একটি উদাহরণ বলার জন্য কেবল বলা । শত উদাহরণ আছে। রাজনীতি নিয়ে বলা আজকের উদ্দেশ্যে নয়।

বলছিলাম করোনা দর্পণের কথা । ইতিমধ্যেই আমরা করোনার কল্যাণে আমাদের সমাজের সর্বত্র দেখে ফেলেছি, আমরা বাঙালি জাতী ( বাঙালি জাতী বলায় কেউ কস্ট নিবেন না) কতটা অমানবিক ও অমানুষও বটে । আপনজনের মৃত্যুতেও আমরা কাছে ভিরছি না! সমাজের ভিন্নজনের কথা না হয় বাদই দিলাম। সমাজপতিরা নানান হুকুম জারি করে এলাকার কবরস্থানগুলোতেও কবর দিতে দিচ্ছে না। বাড়ীর মালিকদের অশুভ আচরণের চরমতা প্রতিনিয়তই খবর হয়ে আসছে ! জন্মদাতা পিতা/ মাতার মরা মুখটিও দেখার মতন সাহস এই সমাজের মানুষগুলো দেখাচ্ছে না। গতকালই পত্রিকায় দেখলাম পিতার চিতায় আগুন দিতে ছেলেকে ধরে এনেছে জেলা প্রশাসন! এলাকাবাসী কারো কারো ঘরে তালা লাগিয়ে দিচ্ছে করোনা রোগী বলে, সেই বাড়ীর ভিতরে ছোট্ট শিশু খাবার নাই ( পত্রিকার খবর )। এরকম শত খবর ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ।

তারপরেও সেই করোনার দর্পণেই সমাজের কিছু মানুষের মানবিক কর্মকে দেখতে পাই । বলাই যায়, সমাজে এখনও কিছু মানুষ আছে বলেই সব কিছু ভেঙে চুরমার হয়ে যায় নি । গত দুদিন আগেই একজন অতিরিক্ত সচিবের হসপিটাল টু হসপিটাল ঘুরে মৃত্যুর খবর ছিলো সবার জন্য ভয়ঙ্কর।  আবার আজকের পত্রিকায় সেই কুর্মিটোলা হাসপাতালে ডাক্তার সাজ্জাদ হোসাইনের মর্মস্পর্শী ভাষ্য পত্রিকায় এসেছে, করোনার দর্পণে সেই ভিন্ন চিত্র দেখে শরীরের রক্ত বরফ হবার জো হয় ।

ডাঃ সাজ্জাদের ছোট্ট লেখায় দেশের স্বাস্থ্যব্যবস্থার করুন চিত্র উঠে এসেছে। উনার ভাষ্য, ” জেনে রাখুন, দেশের কোভিড হাসপাতালগুলো লড়াইয়ে শেষ সীমায় আছে । প্রতিটি হাসপাতাল রোগীর ভারের শেষ সীমায় ” । উনার প্রশ্ন ছিলো,  ” গতকালের নতুন ইনফেকশনের সংখ্যা দেখেছেন ” ? উনি মনের আস্ফালন করে শুধু বলেছেন, ” এই সংখ্যাটা শুধু একটি ফ্র্যাকশান “- এর পরে আর গালাগালি করতে হবে না। লাঠিসোটা নিয়ে এসে ডাক্তার/ নার্সদের পিটিয়ে যাবেন । একবার ভাবুন তো আমরা কি ভয়ানক অবস্থায় আছি ।

যে যত গালাগালিই করি না কেন, এই দেশে পুলিশ বাহিনী একদিনের জন্য না থাকলে যে মহামারী তাৎক্ষণিক শুরু হবে, সেটা ভাবতেও চাই না । সেই পুলিশ বাহিনীতে চলছে করোনার মহামারী।  অনেক আগে থেকেই সতর্কবাণী বলছিলাম/ লিখছিলাম। কে শোনে কার কথা ? অবশ্য সর্বত্রই চলছে একি অবস্থা।

জীবনের মান কি ? এই জাতী আজ অব্দি সেটা সঠিকভাবে অনুধাবন যে করতে পারে নি , সেটা তো আজকের করোনা দর্পণে বেশ পরিষ্কারভাবেই ফুটে উঠেছে।  কংক্রিটের উন্নয়নে আমরা কত বাহাদুরি করে ভাবে ছিলাম। আজকে তার নমুনা বেশ পরিষ্কার। চকচক করলেই সোনা হয় না, কথাটির ফলাফল আজ এই জাতী স্পষ্টতই দেখতে পারছে। আমাদের সরকার বাহাদুর নিয়ে আর না বললেও, সব করোনা দর্পণে ভেসে উঠছে।

লেখার শেষ অংশে ১৮০০ শ ভারতীয় শ্রমিকের কথা বলেই শেষ করবো। পত্রিকায় দেখলাম রামপাল বিদ্যুতকেন্দ্রে ১৮০০ শ ভারতীয় শ্রমিক দেশে ফেরার জন্য বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছে। এই বিক্ষোভ দেখে মনে কতগুলো প্রশ্নের উৎপত্তি হচ্ছে বলেই বলছি। সাধারণত আমাদের মতন দেশগুলো টেকনোলজিতে অনুন্নত বলেই বিশেষায়িত বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন হয়। সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই । শুধু জানতে ইচ্ছে করে, এই ১৮০০ শ শ্রমিক কি সবাই বিশেষজ্ঞ শ্রমিক ? যাদের ছাড়া রামপাল হবে না ? ( যদিও আমি রামপালের সরাসরি বিরোধী ) । নাকি এটাও চুক্তির অংশ ? প্রায়শই পত্রিকায় খবর আসে, দেশে বর্তমানে চার কোটির উপরে শিক্ষিত বেকার আছে। অথচ আমাদের এক রামপালেই ১৮০০ শ ভারতীয় শ্রমিক !

করোনার দর্পণে একটি শেষ প্রশ্ন করেই শেষ করবো । যদি করোনা না আসতো, তাহলে কি দেশের জনগণ মোটেও জানতে পারতো, রামপালে ১৮০০ শ ভারতীয় শ্রমিক কাজ করছে ?

20190210_195317

বুলবুল তালুকদার 

যুগ্ম সম্পাদক শুদ্ধস্বর ডটকম 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.