দু বছর পর নিজ বাড়ীতে ঈদ করবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া দীর্ঘ দুই বছর পর স্বজনদের সঙ্গে নিয়ে নিজ বাস ভবনে এবার ঈদ করতে যাচ্ছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর চারটি ঈদ কারা হেফাজতে কাটে তার। গত ২৫ মার্চ জামিনে মুক্তি পাওয়ায় এবার ঈদ করবেন রাজধানীর গুলশানে নিজ বাসায়।

দলীয় সূত্র জানিয়েছে, নিজের বাসায় ঈদ করলেও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। দলীয় নেতাকর্মীদেরও বাসায় আমন্ত্রণ থাকবে না। শুধু পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন খালেদা জিয়া।

জানা যায়, প্রতিবছর ঈদের আগে বা পরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান দেশে আসতেন। তিনি শাশুড়ির সঙ্গে দেখা করতেন। এবছর প্লেন চলাচল বন্ধ থাকার কারণে তিনি দেশে আসতে পারছেন না। তবে ঈদের দিন স্কাইপিতে বড় ছেলে তারেক রহমান ও পরিবার এবং আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন খালেদা জিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘদিন ভারতের সিলংয়ে অবস্থান করছেন। তিনি সেখানে ঈদ করবেন। ভারতের অনুপ্রবেশের মামলায় সিলংয়ের নিন্ম আদালত তাকে বেকসুর খালাস দিলেও সরকার আপিল করায় তাকে সেখানে অবস্থান করতে হচ্ছে। অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ঈদ করবেন।

এছাড়া দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরার নিজ বাসায়, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান গুলশানে নিজ নিজ বাসায় ঈদ করবেন।

স্থায়ী কমিটির অন্য সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকার নিজ নিজ বাসায় ঈদ করবেন।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.