হাঙ্গেরিতে  জটিল হচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতি, বাংলাদেশি শিক্ষার্থীর শরীরে কোভিড-১৯ শনাক্ত

“হাঙ্গেরি” পূর্ব ইউরোপে অবস্থিত ৩৫,৯২০ বর্গমাইলের ছোটো একটি দেশ। কার্পেথিয়ান বেসিনের অভ্যন্তরে অবস্থিত এ দেশটি একটি ল্যান্ডলকড রাষ্ট্র যার উত্তরে স্লোভাকিয়া, উত্তর-পূর্বে ইউক্রেন, পূর্ব ও দক্ষিণ-পূর্বে রোমানিয়া, দক্ষিণে সার্বিয়া, দক্ষিণ-পশ্চিমে ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া এবং পশ্চিমে অস্ট্রিয়া অবস্থিত।প্রায় এক কোটি জনসংখ্যা অধ্যুষিত এ দেশটির রাজধানীর নাম বুদাপেস্ট।এক সময় সোভিয়েত কমিউনিজমের আদর্শ ধারণ করা এ দেশটি ১৯৯০ সালে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতির পথে পা পা বাড়ায়। বর্তমানে হাঙ্গেরি জাতিসংঘ ছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটোর মতো প্রতিপত্তিশালী সংগঠনগুলোর সদস্য। হাঙ্গেরিয়ান ফোরিন্ট দেশটির জাতীয় মুদ্রা। পৃথিবীর অন্যান্য দেশের মতো করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রেহাই যায় নি পূর্ব ইউরোপের এ ছোটো দেশটির। worldometers.info কর্তৃক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত হাঙ্গেরিতে ৮৯৫ জনের শরীরে কোভিড-১৯ খ্যাত নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ পজিটিভ ধরা পড়েছে এবং এখন পর্যন্ত এ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৫৮ জন ও সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ৯৪ জন। করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে ইতোমধ্যে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বেলির পক্ষ থেকে দেশটিতে কারফিউ ঘোষণা করা হয়েছে। হাসপাতাল, খাবারের দোকান, ফার্মেসি, ব্যাংক, পেট্রোল স্টেশন অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া বাকি সকল ধরণের প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগালের মতো এতো বড় পরিসরে না হলেও এখানে বেশ কিছু বাংলাদেশীদের বসবাস রয়েছে এবং এদের সিংহভাগই শিক্ষার্থী। বিশেষ করে মাসে হাঙ্গেরির সরকারের সাথে বাংলাদেশ সরকারের মধ্যাকার দ্বি-পাক্ষিক চুক্তির ফলে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম নামক শিক্ষাবৃত্তির অধীনে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে প্রায় ১০০ জনের মতো বাংলাদেশি শিক্ষার্থী ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডিসহ বিভিন্ন লেভেলে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। পাশাপাশি আরও বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন যাঁরা নিজ খরচে হাঙ্গেরির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন, হাঙ্গেরিতে বসবাসরত বেশী ভাগ বাংলাদেশি শিক্ষার্থীদের বসবাস রাজধানী বুদাপেস্ট কিংবা দ্বিতীয় বৃহত্তম শহর ডাবরিচেনে। এছাড়াও অল্প কিছু বাংলাদেশি রয়েছেন যাঁরা বিভিন্ন পেশাভিত্তিক কাজের সাথে জড়িত এবং বুদাপেস্টে বাংলাদেশি মালিকানাধীন দুইটি রেস্টুরেন্টও রয়েছে। সব মিলিয়ে দুইশোর মতো বাংলাদেশির বসবাস রয়েছে পূর্ব ইউরোপের এ দেশে। সম্প্রতি হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি শিক্ষার্থী যিনি বুদাপেস্টের উপকণ্ঠে গোডোলোতে অবস্থিত সেন্ট ইটজভান বিশ্ববিদ্যালয়ে স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম শিক্ষাবৃত্তির অধীনে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর ওপর ব্যাচেলর সম্পন্ন করছিলেন তিনি প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আক্রান্ত ব্যক্তি তাঁর নাম গোপন রাখতে বলায় তাঁর নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তাঁকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে এবং তাঁর সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তাঁর রুমমেট কয়েকদিন পূর্বে জার্মানি এবং সুইজ্যারল্যান্ড ভ্রমণ করেছিলেন এবং তাঁর মাধ্যমেই মূলত তিনি সংক্রমিত হয়েছেন। তাঁর সাথে থাকা আরও পাঁচ জন একই সাথে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। মেহেদী হাসান মিলু একজন বাংলাদেশি শিক্ষার্থী যিনি ইউনিভার্সি টি অব ডাবরিচেনে ব্যাচেলর অব সায়েন্স সম্পন্ন করছেন ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপর এ স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম শিক্ষাবৃত্তির অধীনে তাঁর সাথে কথা বলে জানা গেলো যে পূর্ব ইউরোপের এ দেশটিতে ধীরে ধীরে জটিল আকার রূপ নিচ্ছে এ প্রাণঘাতী করোনা ভাইরাস। গত দুই-তিন দিনে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে তাই আসলে গৃহবন্দির মধ্য দিয়ে তাঁদেরকে থাকতে হচ্ছে। যদিও অনলাইনে তাঁর ইউনিভার্সিটি শিক্ষা-কার্যক্রম পরিচালিত করছে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে আতঙ্ক থেকেই যাবে। যে সকল শিক্ষার্থী পার্টটাইম চাকুরির মাধ্যমে তাঁদের নিজেদের খরচ সংগ্রহ করতেন তাঁদের অনেকে এ মুহূর্তে কাজে যেতে পারছেন না যার ফলে সাময়িকভাবে তাঁদের মাঝে হতাশা বিরাজ করছে। তবে মেহেদী হাসান মিলুও আশাবাদী যে খুব শীঘ্রই পূর্ব গগনে আশার আলো প্রস্ফুটিত হতে শুরু করবে এবং তাঁদের জীবনে এ চিরযৌবনা বসন্তের মতো আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে।
রাকিব হাসান, শিক্ষার্থী,  ইউনিভার্সিটি অব নোভা গোরিছা, স্লোভেনিয়া।/শুদ্ধস্বর ডটকম
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.