শবে বরাতের ইবাদত নিয়ে যা বললেন আল্লামা শফী

বর্তমানে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও থাবা বসিয়েছে করোনা। করোনা প্রতিরোধে বর্তমানে দেশের অনেক জেলা উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এমনকি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জামাতে সীমিত উপস্থিতির পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ আলেম সমাজ।

তাই এখন একাকীভাবে শবে বরাতের যাবতীয় আমল ঘরে করা উচিত বলে জানিয়েছেন তারা।

এ প্রসঙ্গে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বর্তমান করোনা মহামারি মোকাবেলায় একাকী ইবাদতে শবে বরাত পালন করার আহ্বান জানিয়েছেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফি।

বুধবার (৮ এপ্রিল) রাতে গণমাধ্যমে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে আল্লামা শফি বলেন, আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে শবে বরাত। হাদীস শরীফে যা ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ শব্দে এসেছে। মহিমান্বিত রজনী হিসেবে মুসলিম সমাজে শবে বরাতের গুরুত্ব অনেক। এ রাতে মানুষ ইবাদত বন্দেগীতে সময় পার করে এবং দিনে রোজা রাখে। আল্লাহ তায়ালার দরবারে ক্ষমা প্রার্থনা করে, কান্নাকাটি করে শবে বরাত পালন করে থাকে।

আল্লামা শফী আরও বলেন, শবে বরাতের ফজিলত সম্পর্কে সহীহ ইবনে হিব্বানের হাদীসে এসেছে, ‘অর্ধ শাবানের রাতে আল্লাহ তায়ালা আপন সৃষ্টির প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন। অতঃপর মুশরিক ও (মুসলিম ভাইয়ের সঙ্গে) শত্রুতা পোষণকারী ছাড়া সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। ’ তাই এই রাতে জেগে থেকে অধিক পরিমাণে আমল করা উচিত। বিশেষ করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাসহ সকল রোগ থেকে মুক্তির জন্য বিশেষভাবে দোয়া করুন।

আল্লামা শফী বলেন, শবে বরাতে একাকী ইবাদত করা রাসূল (সা.)-এর সহীহ হাদীস ও আছারে সাহাবা (সাহাবীদের আমল) থেকে প্রমাণিত। তাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। নিজেদের কৃত গুণাহ থেকে তওবা করুন। মহান আল্লাহ তায়ালার দরবারে ক্ষমা প্রার্থনা করুন। যিকির করুন। দান-সদকা করুন। কবর জেয়ারত করুন। পরিবার পরিজনকে দ্বীনি কাজে বেশি বেশি সম্পৃক্ত করুন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.