কুকুর-বিড়ালের পর এবার বাঘের শরীরে মিললো করোনাভাইরাস

কুকুর-বিড়ালের পর এবার বাঘের শরীরে মিললো করোনাভাইরাস

এর আগে পোষা কুকুর ও বিড়ালের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। তবে এবার প্রথম বাঘের শরীরে ধরা পড়লো করোনাভাইরাস।
শুধু একটি বাঘ নয়। নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় একাধিক বাঘের শরীরে করোনার উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এগ্রিকালচার বিভাগের ভেটেনারি সার্ভিস ল্যাবরেটরি। আপাতত বন্ধ করে দেয়া হয়েছে ওই চিড়িয়াখানা।

নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় একাধিক বাঘ ও সিংহকে সম্প্রতি অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। প্রত্যেকেরই শ্বাসকষ্ট হচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরপর ওই বাঘটিকে পরীক্ষা করা হয়। চার বছর বয়সী মালয়েশিয়ান বাঘটির নাম নাদিয়া।

শুধু এই বাঘটিই নয়, বাঘটির বোনসহ আরও দুটি বাঘ ও তিনটি আফ্রিকার সিংহের শুকনো কাশি হতে দেখা যায়। যেহেতু পশুদের অজ্ঞান করে পরীক্ষা করতে হয়, তাই সব পশুকে পরীক্ষা না করার সিদ্ধান্ত নিয়েছেন পশু চিকিৎসকরা।

চিড়িয়াখানার এক কর্মীর শরীর থেকে ওই ভাইরাস পশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে। আপাতত ওই বাঘগুলোকে আলাদা করে রাখা হয়েছে, যাতে বাকি পশুদের শরীরে ভাইরাস না ছড়িয়ে পড়ে। এমনিতে গত ১৬ মার্চ থেকে ওই চিড়িয়াখানা বন্ধ রাখা হয়েছে। তবে বাঘগুলোর ক্ষুধা কমে গেলেও আপাতত তারা সুস্থ আছে বলেও জানা গেছে।

যদিও পোষা প্রাণীদের ক্ষেত্রেও সতর্কতা মেনে চলার নির্দেশ আগেই দেয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোনও পোষা প্রাণী শরীরে এই ভাইরাস দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনও পশুর শরীরে এই ভাইরাস দেখা গেল।

এর আগে করোনায় আক্রান্ত হয় একটি বিড়াল। বেলজিয়ামের এই খবরে বেশ আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। তবে এর আগে হংকংয়ে ১৭টি কুকুর ও ৮টি বিড়ালের ওপর করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে দুটি কুকুরের শরীরে করোনা ধরা পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, এই কুকুর-বিড়ালগুলো করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল। সেখান থেকেই এদের শরীরেও করোনা সংক্রমণ হয়েছে। তবে এদের থেকে অন্য পশু বা মানুষের মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম বলেই জানান তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.