অন্ধকারে আশার আলো, করোনাকে কুপোকাত করে জয়ী শতায়ু বৃদ্ধা

 

করোনাসুরের তাণ্ডবে কাঁপছে সবাই। এর অত্যাচারের জেরে ত্রাহি ত্রাহি রব উঠেছে চারিদিকে। প্রতি ঘণ্টাতেই বিশ্বজুড়ে এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। মারাও যাচ্ছেন অনেকে। ভয়াবহ আতঙ্কের এই করাল অন্ধকারেও দেখা গেল আশার আলো। করোনাকে কুপোকাত করে জীবনযুদ্ধে জয়ী হলেন ১০৬ বছরের এক বৃদ্ধা কোনি টিচেন। ব্রিটেনের মধ্যে তিনি প্রথম করোনা আক্রান্ত রোগী যিনি এতবছর বয়সে করোনা (Corona) -কে পরাস্ত করে নতুন এক ইতিহাস তৈরি করলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মার্চের মাঝামাঝি সময়ে মধ্য ইংল্যান্ডের বার্মিংহামের বাসিন্দা কোনি টিচেন আচমকা অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হচ্ছে দেখে বার্মিংহাম শহরের এক হাসপাতালে ভরতি করেন পরিবারের লোকেরা। প্রাথমিকভাবে তাঁর নিউমোনিয়া হয়েছিল বলে মনে করেছিলেন চিকিৎসকরা। যদিও পরে শারীরিক পরীক্ষায় তাঁর করোনা হয়েছে বলে জানা যায়। এরপর টানা তিন সপ্তাহ চিকিৎসা চলার পর গত মঙ্গলবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় তাঁর বেঁচে ফেরার এই অসম লড়াইকে হাততালি দিয়ে অভিবাদন জানান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাতেই আপ্লুত হয়ে পড়েছেন ১৯১৩ সালে জন্ম নিয়ে দুটি বিশ্বযুদ্ধ পার করে তৃতীয় বিশ্বযুদ্ধে জেতা কোনি!

এপ্রসঙ্গে ওই শতায়ু বৃদ্ধা বলেন, ‘এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়ী হওয়ার পর নিজেকে প্রচণ্ড ভাগ্যবতী বলে মনে হচ্ছে। নিজের পরিবারের সদস্যদের দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। কতদিন বাড়ির খাবারও খাইনি।তাই আমার খুব ক্ষিদে পেয়েছে।

শুদ্ধস্বর/বিএস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.