৯ শতাংশ সুদহার নিয়ে সুমনের রিট শুনানি আজ

ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব খাতে ঋণের সুদহার ৯ শতাংশ করে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা রিট আবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার হাইকোর্টের (কজলিস্ট) কার্যতালিকায় রয়েছে।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এই আবেদনটি শুনানির জন্য আজ (মঙ্গলবার) এখতিয়ারসম্পন্ন (ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত) আদালতের তালিকায় রয়েছে।

তিনি জানান, মঙ্গলবার (৩ মার্চ ) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো.সাইফুর রজমান ও বিচারপতি মো. জাকির হোসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হবে।

এর আগে সোমবার (২ মার্চ) ক্রেডিট কার্ড ছাড়া অন্য সব খাতে ঋণের সুদহার ৯ শতাংশ করে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন শুনানির এখতিয়ার নেই উল্লেখ করে হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তা কার্যতালিকা থেকে বাদ দেন।

তবে, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জানিয়েছেন, এ আবেদন শুনানির জন্য আজ (মঙ্গলবার) এখতিয়ারসম্পন্ন (ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত) আদালতে যাবেন।

এর আগে রোববার (১ মার্চ) মাহফুজুর রহমান নামে একজন আইনের ছাত্রের পক্ষে এ রিট করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চলতি বছরের ১ এপ্রিল থেকে নির্ধারিত সুদে ঋণ বিতরণ শুরু হবে।

দেশের শিল্প, ব্যবসা ও সেবা প্রতিষ্ঠানগুলোর স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে অধিক সক্ষমতা অর্জনসহ শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, ঋণ-বিনিয়োগ পরিশোধে সক্ষমতা এবং কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয় সরকার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.