ফাঁকা সড়কে প্রাণ হারালেন সাংবাদিক ও যুবদল নেতা

লক্ষ্মীপুরে ফাঁকা সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন সাংবাদিক অন্যজন যুবদল নেতা।

রোববার রাতে রামগতির গুচ্ছগ্রাম ও সদর উপজেলায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ খান হেলাল (৬৫) যায়যায়দিন পত্রিকার রামগতি উপজেলা প্রতিনিধি ও উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়নের চরডাক্তার এলাকার মৃত জয়নাল আবদিনের ছেলে।

ওমর ফারুকের (৪২) সদরের দত্তপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্মআহ্বায়ক ও পল্লী বিদ্যুৎ সমিতি এলাকার আল্লাহরদান অটোডোর ফার্নিচারের স্বত্বাধিকারী। তিনি উপজেলার দত্তপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, মোটরসাইকেলে সাংবাদিক হেলালসহ দুজন গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় সড়কের পাশে বালুর স্তূপে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই পড়ে যান। এতে ঘটনাস্থলেই হেলাল মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির এসআই কাওছারুজ্জামান জানান, রাতে ফারুক পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় নোয়াখালী থেকে রায়পুরগামী দ্রুতগতির একটি পিকআপভ্যান এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ফারুক মারা যান।

পরে স্থানীয়দের সহযোগিতায় চালককে আটক ও গাড়ি জব্দ করা হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.