বিদ্যুৎ বিলের ‘ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া’ নিয়ে প্রশ্ন তুললেন ডাকসু জিএস রাব্বানী

পল্লীবিদ্যুতের বিদ্যুৎ বিলের ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাট আদায়ের গ্রহণযোগ্যতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস গোলাম রাব্বানী। শুধু তাই নয়, এ বিষয়ে তিনি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দৃষ্টি আকর্ষণও করেছেন।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে গোলাম রাব্বানী লিখেছেন, সরকারি কোন প্রতিষ্ঠানের সেবার মান বা মূল্য নিয়ে জনমনে প্রশ্ন উঠলে জনস্বার্থে সেটার স্বচ্ছতা ও জবাবদিহিতা আবশ্যক মনে করি। নৈতিক দায়বদ্ধতা থেকেই পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের উচিত প্রশ্নগুলোর উত্তর দেয়া। না হলে বিল পেপারের উপরে লাল হরফে লেখা দেশপ্রেমের বাণী আপনারা কতটা ধারণ করেন সেটা নিয়েও জনমনে প্রশ্ন উঠবে বৈকি!

(১) ডিমান্ড চার্জটা কি? কেন ডিমান্ড চার্জের নামে এই ৫০ টাকা নেওয়া হচ্ছে? এই টাকাটার গন্তব্যস্থল কোথায়?
(২) মিটার তো গ্রাহকের টাকায় কেনা। নিজের টাকায় মিটার কিনে মাসিক দশ টাকা ভাড়া দিতে হবে কেন?

এভাবে কত দিন মিটার ভাড়া দিতে হবে? দু’এক মাস নাকি প্রতি মাসেই? নাকি আজীবন?

সরকার নিচ্ছে ভ্যাট, আর পল্লীবিদ্যুৎ নিচ্ছে ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, সার্ভিস চার্জ, বিলম্ব মাশুল ইত্যাদি।

পল্লীবিদ্যুতের অধিকাংশ গ্রাহক নিম্ন ও মধ্যবিত্ত সাধারণ মানুষ! তো, তারা এহেন শোষণ আর কতদিন সহ্য করবে?

সবশেষে গোলাম রাব্বানী লেখেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, শ্রদ্ধেয় অগ্রজ জনাব নসরুল হামিদ বিপু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.