ফরিদপুরে হাঁতুড়ি পেটায় আহত তরুণ রাব্বি (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার চার দিন পর মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল দশটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাব্বি শহরের আলীপুর গোরস্থান মোড়ের নিকট অবস্থিত তার মামা বিল্লাল হোসেনের হোটেলে কাজ করতো। সে আলীপুর শাপলা সড়কের মৃত নূরু শেখের ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালি থানার এসআই বেলাল হোসেন সাংবাদিকদের জানান, গত ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ওই হোটেলে কাজ করার সময় স্থানীয় কয়েকজন যুবক রাব্বিকে হাতুড়ি দিয়ে বেদমভাবে পিটায়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই আরও জানান, মাদক সংক্রান্ত ঘটনার জের ধরে রাব্বির ওপর এ হামলা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে রাব্বির মামা ও ওই হোটেলের মালিক বিল্লাল জানান, হোটেলে এসে ওই যুবকেরা রুটি চাইলে রাব্বির একটু দিতে দেরি হয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা হাতুড়ি নিয়ে এসে রাব্বিকে বেদমভাবে পিটায়। এতে হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিলো।
শুদ্ধস্বর/আইকে

