চমৎকার নাম মানিক । সর্বোচ্চ আদালতের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তথ্য গোপনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থীতা বাতিলের দাবি জানিয়ে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাত করেন এবং অভিযোগ পত্র দেন। অভিযোগটি হলো, এনএফএম এনার্জি ( সিঙ্গাপুর) প্রাইভেট কোম্পানির তিনজন শেয়ারহোল্ডার আছেন, তাদের একজন তাবিথ আউয়াল । অভিযোগটি বেশ স্পষ্ট যে তাবিথ আউয়াল হলফনামায় সেটি উল্লেখ করেন নি । আগামী রোববার তিনি নিজে একটি রিট করার চিন্তা করছেন । ভালো কথা ।
তিনি আরো বলেন , আমি দেশের একজন নাগরিক । বিষয়টি যখন আমার চোখে এসেছে দেশের ও গণতন্ত্রের প্রতি ভালোবাসা থেকে এবং আমি একজন বিবেকবান (!) মানুষ হিসেবে, বিবেকের তাড়নায় এই অভিযোগ করেছি এবং রিট করতে চিন্তা করছি ।

সত্যি বিবেক এমনই হওয়া উচিত । তাছাড়া সাবেক সর্বোচ্চ বিচারপতি বলে কথা। বিবেকের ঘরে ঠিল লাগলেতো পাটকেল মারবেন বিবেকের তাড়নায় এটাই স্বাভাবিক এবং এটাই আমরা সাধারণ জনগণ নিশ্চয়ই ঊনার মতন বিবেকবান (!) এর নিকট দেশের কল্যাণে আশা করি । কেননা উনাদের মতন বিবেকবানদের বিবেক যদি ঘুমিয়ে থাকে, তাহলে দেশ নিশ্চয়ই গভীর গর্তে পরে যাবে। বিপদের প্রবল ঘূর্ণিঝড়ে দেশের বারোটা বেজে যাবে। হায় হায় রব উঠবে চারিদিক থেকে। কি হলো , কি হলো রবে জনমানুষের বুক চাপড়ানো ছাড়া উপায় থাকবে না । সুতরাং আমরা সাধারণ জনগণ ধন্য ধন্য রব তুলতে পারি উনার বিবেক উৎড়নোর কল্যাণে । আমিতো মনে করি উনার মুন্ডুকে সামনে রেখে, জনগণের উচিত ধুতুরা ফুলের পুজো দেওয়া। এমন বিবেকের মুন্ডুর পুজো না হলে, ওই বিবেকের ঘরে না আবার কখনো ফাংগাশ ধরে।
এই বিবেকবানের অনেকে বিবেকের উদাহরণ জনমানুষের নিশ্চিত জানা আছে। সব উল্লেখ করতে গেলে অনেক লিখতে হবে। একটি উদাহরণ দেই , এই বিবেকবান প্রাক্তন প্রধান বিচারপতিকে তুমি সমন্ধন করে বলেছিলেন, ” তোমাকে দেশ ছাড়া করবো ” ! আশ্চর্যের বিষয় সিনহা সাহেবকে দেশ ছাড়তে হয়েছে ! সিটিং প্রধান বিচারপতিকে দেশ ছাড়া করা হয়েছে, বিশ্ব ব্রক্ষ্মান্ডে এমন দ্বিতীয় উদাহরণ নাই (!)। কারো জানা থাকলে জানাবেন, কৃতজ্ঞ থাকবো। তবে এটাও জানি, কেউ উদাহরণ দিতে পারবেন না। এই বিষয়ে অনেকবার লিখেছিলাম এবং আজকেও বলি, এটা এই স্বাধীন দেশের সর্বোচ্চ কলঙ্কজন অধ্যায় বিচারালয়ের ।
আশ্চর্য হতেই হয়, যখন দেখি একটি স্বাধীন দেশের সর্বোচ্চ আদালতের একজন ( আপিল বিভাগের ) সাবেক বিচারপতি, বিবেকবর্জিত/ বিবেকহীনার মত একটি দলের কর্মির মতন আচরণ করেন, সরাসরি একটি রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করে, সরাসরি দালালি করেন, চাটুকারের চরিত্রকেও হার মানান, পা চাটা দালালের ভূমিকা গ্রহণ করেন, লজ্জা শরমের ধার ধারেন না ! তখন দ্বিতীয়বার ভাবতেই হয় এমন লোক ছিলেন দেশের সর্বোচ্চ বিচারপতিদের একজন ! হায়রে দেশের ভাগ্য !
আসুন একটু শামসুদ্দিন চৌধুরী মানিক নামের অর্থ দেখার চেষ্টা করি । তারপরে না হয় মিলিয়ে দেখা যাবে তিনি কোন ক্যাটাগরির বিবেকবান দেশপ্রেমিক ?
শামসুদ্দিন নামের অর্থ হলো : উপযুক্ত/ মনোযোগী/ আনন্দদায়ক/ আধুনিক/ সক্রিয়/ উদার/ অস্থির/ স্বাভাবিক, বন্ধুত্বপূর্ণ ও ভাগ্যবান।
চৌধুরী নামের অর্থ হলো : বিশেষ্য পদ/ সম্মানসূচক উপাধিবিশেষ ; সর্দার/ মোড়ল
মানিক নামের অর্থ হলো : এক প্রকার বহুমূল্য রত্ন/ চুণি/ মাণিক্য/ স্নেহের পাত্রকে আদরের সম্বোধনসূচক শব্দ ।
হ্যাঁ উনি, উপযুক্ত- একটি দলের, দেশের নয়। মনোযোগী- নিজ স্বার্থের প্রতি। আনন্দদায়ক- তার কর্ম হাসির খোরাক যোগায়। আধুনিক – মানসিকতায় নয়। সক্রিয়/উদার/অস্থির – এই তিনটিই স্বার্থে ক্ষেত্রে অবশ্যই । স্বাভাবিক- বিন্দুমাত্র নয়। বন্ধুত্বপূর্ণ- হতে পারে নিজের স্বার্থের জন্য । ভাগ্যবান- বর্তমানে তিনি পা চেটে অবশ্যই ভাগ্যবান বটে।
চৌধুরি- সম্মানসূচক অবশ্যই তবে এই বিবেকবানের ক্ষেত্রে মোড়ল ভালো মাননসই বটে।
মানিক – বর্তমানে একটি বিশেষ দলের বহুমূল্য মানিক রতন অবশ্যই, তবে শতভাগ ভবিষ্যতের জন্য ক্ষতিকর । আদরের সম্বোধনসূচক স্নেহের পাত্র বিশেষ দলের মনে হলেও, এই বিবেকবানরাই দলের বিপদে সবার আগে নিজেকে মুক্ত রাখে।
অনেকেই ভাবছেন আমি ব্যক্তিগত আক্রমণ করছি ! হতে পারে অনেকের ধারণায়, তবে আমার ভাষ্য স্পষ্ট; একজন সর্বোচ্চ বিচারপতিদের সাবেক একজন যখন এমনভাবে প্রকাশ্যে দালালির ভূমিকায় অবতীর্ণ হয়, সেজনকে প্রকাশ্যেই বলা ভালো। এই বিবেকবানের মত দ্বিতীয় একজন কেউ খুঁজে পাবেন না । সম্ভব হলে যে কেউ এমন একজনের উদাহরণ দিন, স্পস্ট করে বলছি পাবেন না । এই সব বিবেকবানেরা দলের জন্য সর্বোচ্চ ক্ষতিকর, দেশের জন্যতো বটেই । এদের মতন বিবেকবানদের কল্যাণেই একটি যুদ্ধ জয়ী স্বাধীন দেশ প্রায় অর্ধশতাব্দী কাল পরেও স্বাধীন স্বতা নিয়ে জনগণের হয়ে চলতে পারে না ।
এবার আসি মূল কথায় । এই বিবেকবানের অভিযোগের ভিত্তিতে যদি তাবিথ আউয়ালের প্রার্থীতা চলে যায় এবং জেলেও যায়, আমার সেটা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই । তাবিথ আউয়াল টিকে থাকলো বা জয়ী হয়ে আসলো, সেটা নিয়েও আমার মাথা ব্যথা নেই ।
আমার সমস্যাটি এই শামসুদ্দিন নামক বিবেকবানদের নিয়ে । এই বিবেকবানের ভাষ্য : বিবেকের তাড়নায় ! অভিযোগ করেছেন এবং রিট করবেন ! ভালো কথা । প্রশ্ন হলো : এই বিবেকবান কি তাবিথের বিপরীতে আতিকের হলফনামটিকে শতভাগ সত্য বলে ভাবছেন ? আশা করি প্রশ্নটি এই বিবেকবানকে কেউ করবেন এবং উত্তরটি বিবেক দিয়ে দিবেন।

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডট কম ।

