নিজেই ৮ কাপ চা বানিয়ে ৮০০ টাকা দিলেন আতিকুল

মাঠ গরম, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। প্রচারণায় নেমে ভোটারদের মন যোগাতে ব্যস্ত প্রার্থীরা। একেকজন একেকভাবে ভোটারদের মন যোগাতে চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায়
আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল চা বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হলেন।

ভোটারদের ৮ কাপ চা বানিয়ে খাইয়েছেন উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরা ও আফতাবনগর এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন আতিকুল ইসলাম। হঠাৎই তিনি একটি চা দোকানের সামনে গিয়ে চা বানাতে বসে গেলেন। সবাই আগ্রহভরে মেয়র প্রার্থীর চা বানানো দেখতে লাগলেন। পর পর আট কাপ চা বানান তিনি। পান করালেন ভোটার ও কর্মীদের। সেটি পান করে মেয়র প্রার্থীর উচ্ছ্বসিত প্রশংসাও করলেন তারা।

উচ্ছ্বাস প্রকাশ করে চা দোকানদার ইয়াসিন বলেন, ওনার মতো একজন সম্মানিত মানুষ আমার দোকানে বসে চা বানিয়েছেন সেটি আমার জন্য গর্বের। আট কাপ চায়ের দাম হিসেবে উনি ৮০০ টাকা দিয়ে গেছেন।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.