কোনো ষড়যন্ত্র কাজ করবে না: ইশরাক

সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘আজকে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই পর্যন্ত এই গণজোয়ার আমি দেখিনি। আওয়ামী অপশাসনে দুঃশাসন ও অবৈধ সরকারের বিরুদ্ধে আজকে জনগণ জাগ্রত হয়েছে। আগামী ১ তারিখে কোনো ষড়যন্ত্র কাজ করবে না। আমার বিশ্বাস আপনি এভাবেই মাঠে থাকবেন।’

মঙ্গলবার নির্বাচনী প্রচারণার ১২তম দিনে ডেমরা স্টাফ কোয়ার্টার হোসেন মার্কেটের সামনে গণসংযোগকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, ‘এই সরকারের ওপর যখন জনগণের আস্থা হারিয়ে গিয়েছে তখন তারা পরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তাদের উদ্দেশ্য ছিল একটি ফরমায়েশি রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকা। তাদের উদ্দেশ্যই ছিল তারা জোর করে ক্ষমতায় থাকবে।’

ইশরাক বলেন, ‘আমি ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বেগম খালেদা জিয়া, দেশের আগামী প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান মনোনীত মেয়র প্রার্থী। আমি বলতে চাই আমাকে জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাতে আগামী দিনে আপনাদেরকে সঙ্গে নিয়ে যে বিজয়ের আন্দোলনে অংশ নিয়েছি কোনো অপশাসন আমাদেরকে রুখতে পারবে না।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার হোসেন সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। আজকে ডেমরাবাসী ধানের শীষের সমর্থনে ইশরাক হোসেনের জন্য যে গণজোয়ার সৃষ্টি করেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই পথসভার মাধ্যমে আজকে প্রমাণিত হয় পুরো ঢাকার শহরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

বিএনপি নেতা বলেন, ‘আজকে আপনাদেরকে বলতে চাই, এই ধানের শীষ মার্কা জিয়াউর রহমানের মার্কা, ধানের শীষ মার্কা বেগম খালেদা জিয়ার মার্কা, এই মার্কা তারেক রহমানের ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের।’

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.